সহেলি মিত্র, কলকাতা: বাংলার আজকের আবহাওয়া (Weather Today) নিয়ে চরম সতর্কতা জারি করল আলিপুর মৌসম ভবন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর উপকূলীয় ওড়িশা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে। এর ফলে আপাতত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সকাল থেকেই বাংলার আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। ঘনীভূত নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৫০–৮০ মিমি বা তারও বেশি বৃষ্টি হতে পারে, সঙ্গে প্রবল বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার আশঙ্কাও থাকছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পুরুলিয়া জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া অবধি বইতে পারে উল্লেখিত জেলাগুলিতে বলে খবর।
সামগ্রিক আবহাওয়া সম্পর্কে বললে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি একই অঞ্চলে অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা এবং দক্ষিণবঙ্গের উপর দিয়ে অতিক্রম করতে পারে। এছাড়াও সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমি অক্ষরেখা এখন অমৃতসর, পাতিয়ালা, নাজিবাবাদ, বরেলি এবং দক্ষিণবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের কেন্দ্রস্থল হয়ে দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের ঘূর্ণাবর্তটি থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড এবং বিহারের উপর দিয়ে উত্তর-মধ্য উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত সক্রিয় আছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট থাকতে পারে উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
আরও পড়ুনঃ সাড়ে সর্বনাশ চিন, পাকিস্তানের! ভারতকে আরও ৫টি S-400 দেওয়ার প্রস্তাব রাশিয়ার
আগামীকালের আবহাওয়া
বুধবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, কলকাতা, বাঁকুড়া সহ প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট থাকতে পারে উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।