RBI-র চাকরি সামলে UPSC ক্র্যাক, কোচিং ছাড়াই প্রথম অ্যাটেম্পটে IAS সৃষ্টি

অনন্যা সরকার, নয়াদিল্লি: ইউপিএসসি সিভিল সার্ভিসেস এক্সাম (UPSC CSE) দেশের অন্যতম কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি। বেশিরভাগ পরীক্ষার্থী এই পরীক্ষার প্রস্তুতির জন্য বছরের পর বছর কোচিং করেন ও বারংবার পরীক্ষায় বসেন। তবে দিল্লির বাসিন্দা সৃষ্টি দাবাস (UPSC Success Story of IAS Srishti Dabas) প্রমাণ করেছেন যে, অটল নিষ্ঠা ও দৃঢ় সংকল্প থাকলে কোচিং ছাড়াই প্রথম চেষ্টাতেও ইউপিএসসি পাস করা সম্ভব। রিসার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরি সামলানোর পাশাপাশি করে গিয়েছেন কঠোর পরিশ্রম। আজ তিনি সফল আইএএস (IAS) অফিসার। আসুন তাঁর এই সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক। 

কোচিং ছাড়াই প্রথম প্রচেষ্টায় ইউপিএসসি ক্র্যাক

ছোট থেকেই মেধাবী ছাত্রী ছিলেন সৃষ্টি দাবাস। তিনি দিল্লির গঙ্গা ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেন। ২০১৭ সালে সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় তিনি ৯৬.৩৩% নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন সৃষ্টি। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে ইন্দ্রপ্রস্থ কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং পরে ইন্দিরা গান্ধী ন্যাশানাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU) থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তবে, সৃষ্টির আইএএস হয়ে ওঠার এই যাত্রা সহজ ছিল না, কারণ তিনি আরবিআই-তে চাকরির পাশাপাশি ইউপিএসসি-র প্রস্তুতি চালাচ্ছিলেন। পড়াশোনা শেষ করার পর তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে (RBI) গ্রেড-১ কর্মচারী পদে নির্বাচিত হন। মুম্বাইয়ের আরবিআই শাখায় দিনে ৮ থেকে ৯ ঘণ্টা কাজ করার পর, তিনি রাতে ঘণ্টার পর ঘণ্টা বসে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেন। কাজ ছাড়া তিনি তাঁর দিনের প্রতিটি মুহূর্ত পড়াশোনার জন্য ব্যবহার করতেন। এমনকি অফিসে লাঞ্চ ব্রেকের সময়ও বিশ্রাম না নিয়ে তিনি লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতেন।

আরও পড়ুন: অষ্টম শ্রেণিতে হারান দৃষ্টিশক্তি, নোট সংগ্রহ করে পড়ান মা, UPSC ক্র্যাক করে ছেলে আজ IAS

কাজের ফাঁকে সময় বের করে নেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু সৃষ্টি নিজের ওপর বিশ্বাস রেখেছিলেন এবং কোনো কোচিংয়ের সাহায্য ছাড়াই, শুধুমাত্র নিজে নিজে পড়াশোনা করে প্রস্তুতি নিয়েছিলেন। সিলেবাস বুঝে তিনি একাই নোট তৈরি করতেন এবং নিরলসভাবে অনুশীলন করতেন। তারই ফলস্বরূপ ২০২৩ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় অসাধারণ ফল অর্জন করে সারা ভারতের মধ্যে ৬ র‍্যাঙ্ক (AIR 6) লাভ করেন সৃষ্টি দাবাস।

পড়াশোনার পাশাপাশি কথক নৃত্যেও পারদর্শী সৃষ্টি। তিনি তাঁর সারল্য ও বহুমুখী প্রতিভার জন্য সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। সৃষ্টি দাবাসের সাফল্যের গল্প আজ দেশের বহু ছাত্রছাত্রীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাঁর সাফল্য এটাই শেখায় যে, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, নিষ্ঠা ও সঠিক দিকনির্দেশনা থাকলে কঠিন থেকে কঠিনতর লক্ষ্যও অর্জন করা সম্ভব।

Leave a Comment