সৌভিক মুখার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টের নোটিশের জবাব দেওয়ার জন্য ৭ দিনের ডেডলাইন দেওয়া হয়েছিল এনসিপিআই সাংসদদের (NCPI MPs)। তবে আজ সেই নির্ধারিত সময়সীমা শেষ। সেই সূত্রে তাঁদের ভবিষ্যৎ নিয়েও উঠছে হাজারো প্রশ্ন। তবে দলের অন্দরমহল সূত্রে খবর, আজ নোটিশের জবাব দিচ্ছেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। জবাব দেওয়ার জন্য তাঁরা আরও সময় চেয়ে নিয়েছেন। এমনকি বিজেপির নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়েছেন তাঁরা।
নোটিশের জবাব দিতে আরও সময় চাইছেন সাংসদরা
এবারের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের বিধায়করা তো আলাদা শিবির গঠন করেছেনই। তার পাশাপাশি লোকসভার ২০ জন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতার হাত ছেড়ে নিজেদের বিরোধী ঘোষণা করে এনডিএ সমর্থিত দল এনসিপিআই-তে যোগদান করেন। তবে দলের প্রতীক ব্যবহার করে ভোটে জিতে দলের সঙ্গেই বেইমানি করার অভিযোগ দলত্যাগ বিরোধী আইনে সুদীপ বন্দ্যোপাধ্যায়দের সদস্যপদ খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনের ভিত্তিতে সাংসদদের নোটিশ পাঠায় সুপ্রিম কোর্ট, যার জবাব দেওয়ার শেষ সময়সীমা ছিল আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর।
এদিকে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে কাকলি ঘোষরা জানিয়েছেন, তাঁরা নোটিশের জবাব দিতে আরও বেশ কিছুদিন সময় চান। পাশাপাশি আইনজীবীদের সঙ্গেও তাঁরা পরামর্শ করেছেন বলেই খবর। তবে কবে তাঁরা জবাব দেবেন সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: বদলে যাবে বাংলার চিত্র! এবার ঝাড়গ্রামে মিলল বিপুল ম্যাঙ্গানিজের ভাণ্ডার
আসলে সুদীপ, কাকলিদের দলত্যাগের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে প্রথমে মোট ২০ জন সাংসদের নামেই ২০টি আলাদা চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইন মারফত প্রত্যেক সাংসদের সদস্যপদ খারিজের আবেদন জানিয়েছিলেন যুবরাজ। তবে সংসদের বাদল অধিবেশন কেটে গেলেও দলত্যাগ বিরোধী আইনের আওতায় স্পিকার তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ায় সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেখানেই সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রত্যেক সাংসদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়।