সহেলি মিত্র, কলকাতাঃ সকাল থেকেই রৌদ্রজ্বল আকাশ দেখে ভাবছেন আর বৃষ্টি হবে না? তাহলে ভুল ভাবছেন। আবহাওয়া অফিস সূত্রে খবর (Weather Update), আর মাত্র কিছুক্ষণের মধ্যে বাংলার আকাশ কালো মেঘে ঢেকে যেতে পারে। সেইসঙ্গে তুমুল বৃষ্টি সহযোগে বজ্রবিদ্যুৎ হতে পারে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এক কথায় বর্ষা বিদায়ের আগে নিজের মারণ কামড় দিতে পিছ পা হবে না কিছুতেই। এমনিতেই দুর্গাপুজো শুরু হতে আর এক মাসও বাকি নেই। দেদার শপিং চলছে সকলের। কিন্তু সকলের সেই আনন্দে জল ঢেলে দিচ্ছে নাছোড়বান্দা বৃষ্টি। আজ মঙ্গলবারও যার ব্যতিক্রম ঘটবে না। ধেয়ে আসছে ব্যাপক ঝড় বৃষ্টি, ফলে সকলকে সাবধানে থাকার পরামর্শ জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি
সূত্রের খবর, ক্রমশ পশ্চিম দিক থেকে বজ্রবৃষ্টির মেঘ এগোচ্ছে। আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। IMD-এর বর্তমান পূর্বাভাসে দক্ষিণবঙ্গে বৃষ্টি ও বজ্রবিদ্যুত-এর কার্যকলাপ বজায় থাকার কথা বলা হয়েছে, পাশাপাশি কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দুপুর থেকে বিকেল বা সন্ধের মধ্যে পশ্চিম বর্ধমান–বীরভূম সংলগ্ন অঞ্চল, মুর্শিদাবাদ–নদিয়া, হাওড়া, কলকাতার অংশে বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। এদিকে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা সংলগ্ন এলাকাতেও বিচ্ছিন্ন সেল তৈরি হয়েছে বা আগামী কিছু সময়ের মধ্যে হতে পারে। তাই পরিস্থিতি দ্রুত বদলাতে পারে বলে আশঙ্কা।
আরও পড়ুনঃ ‘সারথি’ প্রকল্পে এক লক্ষ সাইকেল বিলি করবে রাজ্য সরকার, কবে থেকে?
এমনকি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কাও করা হচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, ১৩ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও পরিস্থিতির উপর নজর রাখবেন আবহাওয়াবিদরা।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আজ দুপুর থেকে বিকেলের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্তের প্রভাবে এদিন ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।