সাঁতরাগাছি ও বর্ধমান থেকে বাতিল দুটি গুরুত্বপূর্ণ ট্রেন! তালিকা দিল রেল

সহেলি মিত্র, কলকাতাঃ সেপ্টেম্বর মাস শুরু হতে না হতেই হয়রানি যেন শেষই হতে চাইছে না রেল যাত্রীদের। বিশেষ করে বাংলার রেল যাত্রীদের সমস্যা দিনদিন বেড়েই চলেছে। কয়েকদিন আগেই ফারাক্কার কাছে অতিরিক্ত ভারী বৃষ্টির কারণে ধস নামে, যার ফলে বহু ট্রেন বাতিল করে দেয় রেল। ঘুরপথে চালানো হয় জরুরি ট্রেনগুলি। তবে এবার রেল যাত্রীদের নতুন ধাক্কা দিল ভারতীয় রেল। নতুন করে রেলের উন্নয়নমূলক কাজের কারণে আগামী ১৫ এবং ১৬ সেপ্টেম্বর বাংলার দুটি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে। কোন কোন ট্রেন? চলুন জেনে নেবেন।

বাংলার বেশ কিছু ট্রেন বাতিল করল রেল

সূত্রের খবর, পূর্ব মধ্য রেলওয়ের অভ্যন্তরে উন্নয়নমূলক কাজ করা হবে। যার ফলে আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর বর্ধমান-হাতিয়া এবং হাতিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের চলাচল আংশিকভাবে ব্যাহত হবে। যেমন ট্রেন নম্বর ১৩৫০৩ বর্ধমান-হাতিয়া মেমু এক্সপ্রেস ১৫ এবং ১৬ সেপ্টেম্বর আসানসোল স্টেশনে আংশিকভাবে থামবে। এই উভয় তারিখে ট্রেনটি আসানসোল এবং হাতিয়ার মধ্যে বাতিল থাকবে। এরপর ট্রেন নম্বর ১৩৫০৪ হাতিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস ১৫ এবং ১৬ সেপ্টেম্বর আসানসোল স্টেশন থেকে আংশিকভাবে চলবে। এই উভয় তারিখে ট্রেনটি হাতিয়া এবং আসানসোলের মধ্যে বাতিল থাকবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

৬ দিন বাতিল সাঁতরাগাছি-আজমের স্পেশাল

শুধু তাই নয়, উত্তর-পশ্চিম রেলের আজমের ডিভিশনে নন-ইন্টারলকিং কাজের কারণে রাঁচি হয়ে চলাচলকারী সাঁতরাগাছি-আজমের সাপ্তাহিক স্পেশাল ট্রেন তিন দিন এবং আজমের-সাঁতরাগাছি স্পেশাল ট্রেনও তিন দিন বাতিল থাকবে। সাঁতরাগাছি-আজমের ট্রেনটি ১৪, ২১ ও ২৮ সেপ্টেম্বর এবং আজমের-সাঁতরাগাছি ট্রেনটি ১৭ ও ২৪ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ২০২৬ বাতিল করা হয়েছে।

অন্যদিকে পরিচালনগত কারণে ২০২৬ সালের ১১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে নর্দার্ন রেলওয়ে বেশ কয়েকটি প্রধান প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনের চলাচলে বড় ধরনের পরিবর্তন এনেছে। এই সময়কালে নয়াদিল্লি, পুরনো দিল্লি, গাজিয়াবাদ, পালওয়াল এবং সংলগ্ন রেল বিভাগগুলির ওপর দিয়ে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন বাতিল, পথ পরিবর্তন, পুনঃনির্ধারিত এবং আংশিকভাবে বাতিল করা হয়েছে। নর্দার্ন রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিমাংশু শেখর উপাধ্যায়ের জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, এই সিদ্ধান্তের ফলে নিত্যযাত্রী এবং দূরপাল্লার যাত্রীদের চলাচল প্রভাবিত হবে।

আরও পড়ুনঃ ‘দুজনের সঙ্গে কতটা মিল!’ DA থেকে শিক্ষক বদলি, দুই মুখ্যমন্ত্রীকে মেলালেন মলয়

নয়াদিল্লি থেকে ছেড়ে যাওয়া বেশ কয়েকটি ভিআইপি ও প্রিমিয়াম ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নতুন দিল্লি থেকে রাঁচি, ডিব্রুগড়, শিয়ালদহ, হাওড়া এবং ভুবনেশ্বরগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনগুলি সাহিবাবাদ, পুরানো দিল্লি এবং দিল্লি শাহদারা হয়ে বিকল্প পথে চলবে। এ ছাড়াও, সম্পূর্ণ ক্রান্তি এক্সপ্রেস, গোমতী এক্সপ্রেস, শ্রমজীবী এক্সপ্রেস, মগধ এক্সপ্রেস এবং স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ সুপারফাস্ট ট্রেনগুলিও পরিবর্তিত পথে চলাচল করবে।

Leave a Comment