সৌভিক মুখার্জী, কলকাতা: মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বালি পাচার থেকে শুরু করে কয়লা পাচার বা নিয়োগ দুর্নীতি, একাধিক অভিযোগে নাম জড়িয়েছে অভিষেকের। বিভিন্ন থানায় দায়ের হয়েছে এফআইআর। সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে সদ্য বিদেশ থেকে চিকিৎসা করিয়ে ফিরেছেন যুবরাজ। এমনকি একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছে তাঁকে। বিধানসভায় দাঁড়িয়েও অভিষেককে আগে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন ফের বালি পাচার নিয়ে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী।
অভিষেককে চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
বর্ধমানের এক জনসভায় দাঁড়িয়ে অভিষেককে নিশানা করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “ভোটের আগে বালি জমিয়েছিল। ভেবেছিল যে পরে ব্যবসা হবে। কিন্তু জিততে তো পারেনি। আর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সবকিছু বন্ধ করে দিয়েছি। বালি পাচারের টাকা সরাসরি যেত ক্যামাক স্ট্রিটে। সব চোরদের একদিন জেলে যেতে হবে।” উল্লেখ্য, শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান পৌঁছে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ লাইন মাঠে সভা করেন। সেখানেই তৃণমূল সাংসদকে তুলোধোনা করে ছাড়েন।
বালি পাচারের পাশাপাশি এদিন ১০০ দিনের কাজ বা মনোরেগা নিয়েও দুর্নীতি হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, আগে অবৈধ বালিঘাট থেকে বালি তুলে পাচারের টাকা সরাসরি ক্যামাক স্ট্রিটে পাঠানো হত। এবার সমস্ত বালিঘাট নিলাম করে স্বচ্ছতা আনা হবে, যাতে সেই অর্থ দিয়েই রাস্তা, স্কুল এবং কলেজ তৈরি করা যায়। ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দিয়ে ১ লক্ষ চাকরির সুযোগ এবং মাথাপিছু ৩৪,৫০০ টাকা করে প্রতি বছর দেওয়ারও পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ছোটাছুটির দিন শেষ, আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার নয়া নিয়ম সরকারের
এছাড়া পশ্চিমবঙ্গের ওপর বিপুল ঋণের বোঝার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। মুম্বাইয়ে আকাশ আম্বানির সঙ্গে কথা হয়েছে। আম্বানি গোষ্ঠী বাংলায় পাঁচটি সেক্টরে বড় বিনিয়োগ করবে। মাদক নিয়ে তিনি বলেন, “মাদক কারবারীদের ২০ বছর জেল খাটাব।” ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদের বিরুদ্ধে কঠোর আইন আনা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।