সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২ অক্টোবর, শুক্রবার। বেতন বৃদ্ধির ঘোষণা, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, মুম্বই-দিল্লিতে বিক্ষোভ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকবেন না মোদী
ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১০ অক্টোবর দেবীপক্ষের সূচনায় ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে অনুষ্ঠান। সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর। এমনকি চক্ষুদান থেকে শুরু করে একাধিক কার্যকলাপে অংশগ্রহণ করার কথা ছিল তাঁর। তবে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসবেন না বলেই খবর। হ্যাঁ, বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন সিএবি আধিকারিকদের সঙ্গে। সেখানে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে, কিছু ব্যক্তিগত কাজের কারণেই প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারবেন না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) বক্সা অভয়ারণ্যে ফিরল বাঘিনী
বন্যপ্রাণী সংরক্ষণের কাজে এবার বড় পদক্ষেপ নিচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। বক্সা অভয়ারণ্যের জীববৈচিত্র্য বৃদ্ধি আর ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে এবার আসছে নতুন বাঘিনী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরবঙ্গের গর্ব বক্সা ব্যাঘ্র প্রকল্পে এসে পৌঁছেছে এক বাঘিনী। বিহার থেকে বাংলার অভয়ারণ্যে নিয়ে আসা হয়েছে এই বাঘিনীকে। আবারও বক্সায় কাঁপবে বনভূমি। ফিরে আসছে বাঘের গর্জন। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, বাঘিনীর পুনর্বাসন পশ্চিমবঙ্গ সরকার এবং ন্যাশনাল টাইগার কনভারসেন অথরিটির এক যৌথ উদ্যোগ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বই-দিল্লিতে বিক্ষোভ
সিজেপির প্রতিবাদে উত্তাল মুম্বাই। ককরোচ জনতা পার্টির তরফ থেকে আজ ‘জেল ভরো’ আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে। এমনকি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির রাজপথে নেমেছে আম আদমি পার্টি। তবে সকালে যন্তরমন্তর চত্বরে আম আদমি পার্টি সমর্থকদের সঙ্গে পুলিশের যখন ধস্তাধস্তি হয়, তখন আটক করে নেওয়া হয় দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজকে। চ্যাংদোলা করে পুলিশ ভ্যানে তোলা হয় তাঁকে। পাশাপাশি যন্তরমন্তর থেকে একাধিক বিক্ষোভকারীকে আটক করে দিল্লি পুলিশ। অন্যদিকে শিবাজী পার্কে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বলেই খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) পান্ডুয়ায় বার্ধক্য ভাতা নিয়ে দুর্নীতি
মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বছরের পর বছর ধরে ঢুকছে বার্ধক্য ভাতার অনুদান। ৭ বছর আগে মৃত্যু হয়েছিল ওই ব্যক্তির। কিন্তু এখনও পর্যন্ত সচল রয়েছে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট। প্রতিমাসে নিয়ম করে সেই অ্যাকাউন্টে ঢুকছে টাকা। জানা গিয়েছে, পান্ডুয়ার ওই ব্যক্তির নাম কমল বিশ্বাস। তিনি পেশায় একজন মৎস্যজীবী ছিলেন। ২০১৯ সালে বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়। তবে এখনও পর্যন্ত তাঁর অ্যাকাউন্ট সচল থাকায় প্রতি মাসে বার্ধক্য ভাতার টাকা ঢুকেছে। তবে সমস্যা সমাধানের জন্য এদিন ব্যাংকে গিয়ে কথা বলেছে তাঁর পরিবার। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) ৪ অক্টোবর হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন
উৎসবের আবহে বাতিল হল একাধিক ট্রেন। ৪ অক্টোবর রবিবার বর্ধমান স্টেশন থেকে হাওড়াগামী বেশ কিছু লোকাল ট্রেন, মেমু এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে বলেই খবর। জানা যাচ্ছে, আদি সপ্তগ্রাম স্টেশনের কাছে ১২ নম্বর লেভেল ক্রসিং গেট রক্ষণাবেক্ষণের জন্য ৪ অক্টোবর দুপুর ১২:২০ মিনিট থেকে ২:১০ মিনিট পর্যন্ত ১২০ মিনিটের ট্রাফিক ব্লক থাকবে। এমনকি এই ব্লকের জেরে বেশ কিছু লোকাল ও মেমু ট্রেন বাতিল থাকবে, যার তালিকা দিয়েছে পূর্ব রেল। তালিকায় রয়েছে হাওড়া-বর্ধমান, হাওড়া-মেমারি, হাওড়া-পান্ডুয়া, শিয়ালদা-বর্ধমান। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) শিক্ষকদের বেতন বাড়াল সরকার
পুজোর আগেই বড় সুখবর। কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত প্রকল্পের অন্তর্গত ভোকেশনাল শিক্ষকদের বেতন ২০০০ টাকা বাড়ানো হল বলে খবর। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগে যেখানে তাদের মাসিক পারিশ্রমিক ছিল ২০,০০০ টাকা, সেখানে এখন তা বাড়িয়ে ২২,০০০ টাকা করা হয়েছে। ১ অক্টোবর থেকেই এই বাড়তি বেতন কার্যকর হচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ হাজার টাকার মধ্যে কর্মীর ইপিএফ, ইএসআই সহ একাধিক অবদান অন্তর্ভুক্ত থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) মন্দারমনিতে ‘রেড জোন’ ঘোষণা প্রশাসনের
পুজোর মুখে মন্দারমনি নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের। পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে বিচের ২ কিলোমিটার অংশে সমুদ্র স্নানের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত কয়েক মাস ধরে মন্দারমনি সমুদ্র সৈকতে পর্যটক মৃত্যুর সংখ্যা বেড়েছে। সেই কারণে এবার এই সিদ্ধান্ত। গত এক মাসেই সমুদ্রে তলিয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৫ জন পর্যটক। ২ কিলোমিটার আপাতত সমুদ্র স্নানের জন্য নিষিদ্ধ করে দিল প্রশাসন। মোহনা এলাকাকে বিপজ্জনক বলেই চিহ্নিত করা হয়েছে। এমনকি ৩ নম্বর ঘাট থেকে প্রায় ২ কিমি পর্যন্ত বাঁশের উপর লাল কাপড় দিয়ে রেড জোন করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) স্মিতের পাশাপাশি ১৭৪ জনের প্রাণ বাঁচিয়েছে ৬ বছরের খুদে
বিপদের মধ্যে নিজের জীবন বাজি রেখে ১৭৪ জন ইজরায়েলি নাগরিকের প্রাণ রক্ষা করেছেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছর। তাঁর প্রশংসায় পঞ্চমুখ দেশের রাষ্ট্রপ্রধানরা। তবে এই অসাধ্য সাধনের পিছনে রয়েছে ৬ বছরের এক খুদে হিরো। জানা গিয়েছে, নিনা মানেস নামের ওই শিশু তাঁর পরিবারের সঙ্গে ফ্লাইদুবাইয়ের ওই ফ্লাইটটির একেবারে সামনেই বসেছিল। তবে শৌচাগারে যাওয়ার সময় সে জানতে পারে, ককপিটের ভিতরে কেউ ঝামেলা করছে। তৎক্ষণাৎ সে বাবাকে ডাকলে তাঁরা মিলে অভিযুক্তকে নিয়ন্ত্রণে আনেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) পেট্রোল-ডিজেল বিক্রিতে লিমিট বেঁধে দিল পাম্প
অপরিশোধিত তেলের দাম বর্তমানে আকাশছোঁয়া। তবে জিও-বিপি এবং নায়ারা এনার্জির মতো বেসরকারি সংস্থাগুলি পেট্রোল ও ডিজেল বিক্রির লিমিট বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম ১০৭ ডলারে পৌঁছালেও মে মাস থেকে পেট্রোল পাম্পে দাম অপরিবর্তিত রয়েছে। তবে নায়ারার আউটলেটগুলিতে এখন একটি গাড়ির জন্য ৭০ থেকে ২০০ লিটার ডিজেল এবং ৩০ লিটার পেট্রোল লিমিট নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি জিও-বিপির গ্রাহকপিছু প্রতিদিন ৫০ লিটারের ডিজেল ভরার সীমা নির্ধারণ করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) দুর্গাপুরে অন্নপূর্ণার টাকা না পেয়ে বিক্ষোভ মহিলাদের
অন্নপূর্ণা নিয়ে দুর্গাপুরে সেবা সেতু ক্যাম্পে বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি বিধায়ক। আজ অর্থাৎ ২ অক্টোবর শুক্রবার থেকে শুরু হয়েছে সেবা সেতু অভিযান। চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। তবে দুর্গাপুরে এই ক্যাম্প চালু হতেই সেখানকার পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুইকে সামনে পেয়ে মহিলারা বিক্ষোভ শুরু করেন। আবেদনপত্রের জেরক্স এবং বর্তমান স্ট্যাটাসের প্রিন্ট আউট নিয়ে বিধায়কের সামনে শোরগোল শুরু করেন তাঁরা। সকলেরই অভিযোগ, যাদের দুইতলা, তিনতলা বাড়ি, তারা প্রতি মাসেই নির্দিষ্ট সময় অন্নপূর্ণা যোজনার ভাতা পাচ্ছেন। কিন্তু বাকিরা পাচ্ছেন না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন