বিক্রম ব্যানার্জী, কলকাতা: হকির (Hockey) এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি থেকে নাম প্রত্যাহার করল পাকিস্তান (Pakistan)। ভারতে খেলতে না আসার দাবিতেই গোটা টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াল পশ্চিমের দেশ। এদিকে পাকিস্তান নাম তুলে নিতেই সেই সুযোগের সদ্ব্যবহার করেছে বাংলাদেশ। পাক দলের বিকল্প হিসেবে জায়গা পেয়ে গিয়েছে পদ্মা পাড়ের দল। এ প্রসঙ্গে হকি ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, পাকিস্তান হকি দলকে ভারতে আসার অনুমতি দেয়নি পাক সরকার। সে কারণেই নাম প্রত্যাহার করে নিতে হল।
পাকিস্তানের বদলি হল বাংলাদেশ
এর আগে এশিয়া কাপের মঞ্চে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সেই আসরে শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে দিয়ে 4-3 ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। অনেকেই আশায় ছিলেন, এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতেও দুই চির প্রতিদ্বন্দ্বী দলকে একসাথে খেলতে দেখবেন। তবে শেষ পর্যন্ত সেই আশা পূরণ হচ্ছে না।
হকি ইন্ডিয়ার মহাসচিব ভোলানাথ সিং জানিয়েছেন, “পাকিস্তানের হকি দলকে ভারতে এসে খেলার অনুমতি দেয়নি সে দেশের সরকার।” পশ্চিমের দেশের সরকারের তরফে অনুমতি না পাওয়ায় বাধ্য হয়ে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে হয়েছে পাকিস্তান হকি দলকে। পাকিস্তান অবশ্য আগেই জানিয়ে দিয়েছিল, তারা ভারতে দল পাঠাতে রাজি নয়। পাকিস্তান হকি ফেডারেশনের তরফে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি ভারত থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানানো হয়েছিল।
আরও পড়ুন: ‘এরা ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে না” ইলন মাস্ককে তুলোধোনা কামাল হাসানের
তবে পাকিস্তান এমন দাবি তুললেও সেই আবেদন খারিজ করে দিয়েছিল হকির এশিয়ার নিয়ামক সংস্থা। ফলে শেষ পর্যন্ত বাধ্য হয়ে পাকিস্তান সরকারের কাছে অনুমতি চেয়েছিল হকি ফেডারেশন। তবে সেই অনুমতি না পাওয়ায় বাধ্য হয়ে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে হল ইসলামের দেশকে। পাকিস্তান অবশ্য আবেদন জানিয়েছিল, টুর্নামেন্ট না সরাতে পারলেও অন্তত তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে বিকল্প ভূমিতে করা হোক। তবে সেই আবেদনেও সবুজ সংকেত আসেনি। ফলে গত বছর ছোটদের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের পর এবার বড়দের টুর্নামেন্টেও ভারতে আসবে না বলেই নাম তুলে নিল পাকিস্তান। জানিয়ে রাখি, আগামী 27 অক্টোবর থেকে শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে 5 নভেম্বর পর্যন্ত।