বিক্রম ব্যানার্জী, কলকাতা: এটাই তো সময়। ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম শুরু হওয়ার আগে থেকেই জল্পনা বাড়ে ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং মোহনবাগানের নতুন নতুন প্লেয়ারদের নিয়ে। সাম্প্রতিক সময়ে লাল হলুদের নামের সাথে উঠেছে বেশ কয়েকজন প্লেয়ারের নামও। এবার সেই তালিকায় জুড়তে চলেছেন লিওনেল মেসির (Lionel Messi) দেশের দুর্ধর্ষ ফুটবলার এনজো লোপেজ। আর্জেন্টিনার এই তরুণ খেলোয়াড় ইস্টবেঙ্গলে যোগ দেওয়া নিয়ে আশাবাদী! বললেন, ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠে নামার সম্ভাবনা প্রবল!
ভারতীয় ফুটবল সম্পর্কে খুব একটা জ্ঞান নেই এনজোর
আগামী বছর ইন্ডিয়ান সুপার লিগে স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের হাত ধরে ফের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখবে ইস্টবেঙ্গল। মোহনবাগানের প্রাক্তন কোচই ঠিক করবেন কোন প্লেয়ার লাল হলুদে আসবে আর কে বেরিয়ে যাবে! খুব শীঘ্রই তাঁর হাতে চলে যাবে ইস্টবেঙ্গলের রিমোট কন্ট্রোল। তবে সূত্রের খবর, ইস্টবেঙ্গল শিবিরে যে নতুন ফুটবলারের যোগ দেওয়ার জল্পনা বেড়েছে আর্জেন্টিনা সেই ফুটবলারও হাবাসকে খুব ভালভাবেই চেনেন। তবে ভারতীয় ফুটবল সম্পর্কে খুব একটা জ্ঞান নেই তাঁর।
মেসির দেশের এই ফুটবলার চেনেন ইস্টবেঙ্গলের স্বপ্ন পূরণের কারিগর, প্রাক্তন কোচ অস্কার ব্রুজোকেও। তাঁর সম্পর্কে খানিকটা বেশিই জ্ঞান রয়েছে নতুন ফুটবলারের। তবে লাল হলুদে ভিড়লে চলতে হবে নতুন কোচের কথা অনুযায়ী। কিন্তু আদৌ কি ইস্টবেঙ্গলে আসবেন তিনি? এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে আর্জেন্টাইন ফুটবলার জানালেন, ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। গোটা বিষয়টাই তাঁর এজেন্ট দেখছেন।
অবশ্যই পড়ুন: তৃণমূলের প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিস থেকে কনডমের প্যাকেট উদ্ধার! মিলল ত্রাণও
প্রসঙ্গত, নতুন ফুটবলারকে ঘরে নিতে আগে থেকেই মেসির দেশে যোগাযোগ শুরু করেছিল ইস্টবেঙ্গল। লাল হলুদের থিঙ্ক ট্যাঙ্কও নতুন প্রতিভা তুলে আনতে বদ্ধপরিকর। হয়তো সেই সূত্র ধরেই আর্জেন্টিনার এই ফুটবলারকে দলে নিয়ে আসবে তারা। এখন দেখার, শেষ পর্যন্ত মেসির দেশের এই ফুটবলারের গায়ে মশাল শিবিরের জার্সি ওঠে কিনা!