এবার ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করলে আরও মোটা জরিমানা, নতুন নিয়ম রেলের

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল জরুরি খবর। আপনিও কি প্রায়ই ট্রেনে যাতায়াত করেন? টিকিট না কাটার বদঅভ্যাস আছে? তাহলে রেলের (Indian Railways) তরফে এবার এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার দরুণ চাপে পড়তে পারেন আপনি। বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে এতদিন যে অঙ্কের জরিমানা (Railway Fine) নেওয়া হত এবার তা দ্বিগুণ বাড়ানো হল। আগামী ১ জুলাই, ২০২৬ থেকে লাগু হবে নতুন নিয়ম। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

জরিমানা টাকার দ্বিগুণ করল রেল

রিপোর্ট অনুযায়ী, রেল মন্ত্রক টিকিট ছাড়া ভ্রমণের জন্য সর্বনিম্ন জরিমানা ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করেছে। এই নতুন নিয়ম ২০২৬ সালের ১ জুলাই থেকে দেশব্যাপী কার্যকর হবে। রেলওয়ে বোর্ড ১৮ জুন সমস্ত রেলওয়ে জোনকে নতুন নিয়ম সম্পর্কে অবহিত করে একটি আদেশ জারি করেছে। শুধু তাই নয়, অন্যের নামে বুক করা টিকিটে ভ্রমণকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মত বদলাতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে! স্মার্ট মিটারের বিরোধিতা করে হাইকোর্টে মামলা

রেলের নতুন নিয়ম অনুযায়ী, কোনো যাত্রী অন্যের নামে বুক করা টিকিটে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়লে তার টিকিট বাজেয়াপ্ত করা হবে। যাত্রীর কাছ থেকে সম্পূর্ণ ভাড়ার পাশাপাশি অতিরিক্ত কমপক্ষে ৫০০ টাকা জরিমানা আদায় করা হবে। যাত্রী জরিমানা দিতে অস্বীকার করলে মামলাটি আদালত পর্যন্ত গড়াতে পারে। যারা অনুমতি ছাড়া ট্রেনে ও রেলস্টেশনে পণ্য বিক্রি করে, যাত্রীদের কাছে কিছু কেনার জন্য অনুরোধ করে, তাদের বিরুদ্ধে রেল কর্তৃপক্ষ নিয়মকানুন আরও কঠোর করেছে।

একগুচ্ছ নিয়ম জারি রেলের

নতুন নিয়ম অনুযায়ী, এই ধরনের ক্ষেত্রে ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। জরিমানা দিতে কেউ ব্যর্থ হলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড, ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। বারবার এই অপরাধ করলে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সেইসঙ্গে ট্রেন ও স্টেশন চত্বরে ভিক্ষাবৃত্তির ঘটনার বিরুদ্ধে রেল কর্তৃপক্ষও কড়াকড়ি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এই ধরনের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। যারা রেল চত্বরে বা ট্রেনে মদ্যপ অবস্থায় অশালীন আচরণ করে, যাত্রীদের মৌখিকভাবে গালিগালাজ করে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া, জরিমানা করা বা অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। ফলে আগামী জুলাই মাস থেকে ট্রেনে ভ্রমণ করার আগে অবশ্যই উল্লেখিত বিষয়গুলি মাথায় রাখতে হবে যাত্রীদের।

Leave a Comment