অনন্যা সরকার, কলকাতা: মা ফ্লাইওভারে (Maa Flyover) আর দেখা যাবে না ‘আনফিট’ গাড়ি (Unfit Vehicles)। এই ধরনের যানবাহনের প্রবেশ রুখতে কলকাতা ট্র্যাফিক পুলিশ (Kolkata Traffic Police) এবার নতুন পদক্ষেপ নিতে চলেছে। শুক্রবার লালবাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশের ডিসি (ট্র্যাফিক) সম্ভব জৈন জানান যে, রিয়েল-টাইম ফিডের জন্য কলকাতা পুলিশ ইতিমধ্যেই ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা ‘এনআইসি’ (NIC)-কে একটি চিঠি পাঠিয়েছে। এই ফিডটি পেলেই সার্জেন্টরা ফ্লাইওভারে প্রবেশের আগেই ‘আনফিট’ যানবাহনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন।’
রাস্তায় চলার জন্য অনুপযুক্ত গাড়িগুলিকে আটকাতে পুলিশের পদক্ষেপ
দিনের ব্যস্ত সময়ে মা ফ্লাইওভারে যানবাহন বিকল হয়ে পড়া যাত্রীদের জন্য নিত্যদিনের যানজট ও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গাড়ির তেল শেষ হয়ে যাওয়া বা অপ্রত্যাশিতভাবে যানবাহন বিকল হয়ে যাওয়ার মতো ঘটনা প্রায়শই লেগেই থাকে। এর ফলে অনেকক্ষণ যানজটে আটকে থাকতে হয় সাধারণ মানুষকে। অফিস টাইমে এই সমস্যা অনেক নিত্য যাত্রীরই মাথাব্যথার কারণ হয়ে উঠেছে।
উল্লেখ্য, যখন মুখ্যমন্ত্রী কলকাতায় থাকেন তখন তিনি চিনার পার্কের বাসভবনে যাওয়ার জন্য এই ফ্লাইওভারটিই ব্যবহার করেন। মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও, তাঁর কনভয় যাওয়ার সময় ট্র্যাফিক পুলিশ প্রায়ই জনসাধারণের জন্য ফ্লাইওভারে গাড়ি চলাচল হঠাৎ করে বন্ধ করে দেয়, যার ফলে সাধারণ নাগরিকদের অসুবিধা আরও বেড়ে যায়। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, কলকাতা ট্র্যাফিক পুলিশ উড়ালপুলটি খোলা না বন্ধ, তা আগে থেকেই চালকদের জানানোর জন্য শহর জুড়ে বিভিন্ন কৌশলগত স্থানে ডিসপ্লে বোর্ড স্থাপনের পরিকল্পনা করছে।
আরও পড়ুন: চলছে অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন, সঙ্গে নিয়ে যান এই ডকুমেন্ট
ফ্লাইওভারের প্রবেশপথে হঠাৎ আটকে দেওয়ার ফলে সংলগ্ন রাস্তাগুলিতে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ডিসপ্লে বোর্ডের মাধ্যমে আগে থেকেই জেনে রাখলে চালকরা অন্য পথ ধরতে পারবেন, ফলে যানজট কমার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, লালবাজারের তরফে ঘোষণা করা হয়েছে যে রেকার দিয়ে বিকল যানবাহন সরানোর কাজটি যাতে আরো মসৃণ ভাবে করা যায় তার জন্য রাস্তার মাঝখানের ডিভাইডারে কাট-আউটের সংখ্যা বাড়ানো হয়েছে, যার ফলে ফ্লাইওভার জুড়ে জরুরি অবস্থা আরো ভালোভাবে সামলানো সম্ভব হবে। পুলিশের এই পদক্ষেপে ফ্লাইওভারের যানজট থেকে যে সাধারণ মানুষ কিছুটা হলেও রেহাই পাবেন তা বলার অপেক্ষা রাখে না।