বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2026-27) নিয়ে তৈরি হওয়া জট কাটতে চলেছে। এ মরসুমে ফেডারেশনের সাথে হাত মিলিয়ে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ আয়োজন করবে ক্লাবগুলি। এক কথায়, ফেডারেশন ও ক্লাব জোট মিলে আয়োজন করা হবে এই টুর্নামেন্ট। সেই মর্মে, ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে নতুন সিইও। সব ঠিক থাকলে, আগামী 10 অক্টোবর থেকে শুরু হয়ে যাবে দেশের সর্বোচ্চ ফুটবল লিগ। শোনা যাচ্ছে, এ বছর ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ অন্যান্য ফুটবল ভক্তরা যাতে সহজে এ বারের ইন্ডিয়ান সুপার লিগ দেখতে পারে, সেজন্য বিশেষ ব্যবস্থা করবে ISL কর্তৃপক্ষ (ISL Free Live Streaming)।
বিনামূল্যে দেখা যাবে ISL ম্যাচ
FSDL কর্তৃপক্ষ দায়িত্ব থেকে সরে যাওয়ায় গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন করতে যথেষ্ট সমস্যা হয়েছিল ফেডারেশনের। যদিও শেষ পর্যন্ত সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে ক্লাব গুলির সাথে একজোট হয়ে ফুটবল লিগ আয়োজন করেছিল AIFF। তবে সেই সমস্যা এবার মিটেছে। পুরনো ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন করে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে ফেডারেশন এবং ক্লাবগুলি।
ইন্ডিয়ান সুপার লিগ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, 10 অক্টোবর ISL শুরু হওয়ার পর তা শেষ হবে আগামী বছরের মে মাসে। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল এই আসরে 14টি দল অংশগ্রহণ করবে। তবে শেষ পর্যন্ত টাকা জমা দিতে না পারায় বাদ পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবার এফসি। তাই 13টি দল নিয়েই হবে আসন্ন ISL। হোম এবং অ্যাওয়ে ফরম্যাটেই গড়াবে এই টুর্নামেন্ট।
আরও পড়ুন: বাংলায় বিনিয়োগের বড় বার্তা! অ্যান্টিলিয়ায় আম্বানিদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
জানা যাচ্ছে, এবারের ইন্ডিয়ান সুপার লিগ দেখা যাবে টিভিতেই। সবচেয়ে বড় কথা, সবাই যাতে বিনামূল্যে ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত ম্যাচ দেখতে পারে সেজন্য নিজেদের ইউটিউব চ্যানেলেই প্রায় সব ম্যাচের লাইভ স্ট্রিমিং করবে ISL কর্তৃপক্ষ। এছাড়াও জি স্পোর্টসেও দেখা যাবে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগের ম্যাচগুলি। এক কথায় বলাই যায়, এবছর ISL দেখতে নিজেদের পকেটের টাকা খরচ করতে হবে না ফুটবল ভক্তদের!