অনন্যা সরকার, তামিলনাড়ু: জমি,বাড়ি বা ফ্ল্যাট কেনা ও তার রেজিস্ট্রেশনের প্রক্রিয়া অনেকের কাছেই একটি জটিল ও ক্লান্তিকর প্রক্রিয়া। সাব-রেজিস্টার অফিসে গিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করা ও বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করা সকলের জন্যই বেশ ঝঞ্ঝাটের কাজ। কিন্তু এবার থেকে এই বিশাল কর্মকান্ড আরামে বাড়িতে বসে কয়েকটি ক্লিকের সাহায্যেই করে ফেলা যাবে। অনলাইনে সম্পত্তির রেজিস্ট্রেশন করার পর হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর মাধ্যমে আপনার কাছে চলে আসবে অফিসিয়াল সার্টিফিকেট। তামিলনাড়ু সরকার তাদের প্রপার্টি রুলস ২০২৬ (Property Rules 2026)-এর অধীনে এই অভূতপূর্ব এনিহোয়্যার রেজিস্ট্রেশন সিস্টেম (Anywhere Registration System) চালু করেছে। এই নতুন সিস্টেমটি কীভাবে কাজ করে, আসুন জেনে নেওয়া যাক।
অনলাইনেই রেজিস্ট্রেশন করা যাবে জমি বাড়ির
জমি বাড়ির নিবন্ধীকরণের জন্য নাগরিকদের সরকারি অফিসে ছোটাছুটির ঝামেলা থেকে মুক্তি দিতে তামিলনাড়ু সরকার রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রক্রিয়াটিকে ডিজিটাল করে তুলেছে। নতুন নিয়ম অনুযায়ী, সম্পত্তি রেজিস্টার করার জন্য সাধারণ মানুষকে আর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে যেতে হবে না। এখন ২৪x৭ অনলাইন ডকুমেন্ট রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু হচ্ছে। এর মাধ্যমে বিশ্বের যেকোনো জায়গা থেকে, যেকোনো সময়ে সম্পত্তি নিবন্ধীকরণের জন্য অনলাইনে নথি জমা দেওয়া যাবে।
প্রাথমিক পর্যায়ে, তামিলনাড়ুর সরকারের তরফে সবচেয়ে বেশি কেনা-বেচা হওয়া সম্পত্তিগুলিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে – নতুন প্লট ও জমি এবং নতুন ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট। এছাড়া, তামিলনাড়ু হাউজিং বোর্ডের ইস্যু করা সেল ডকুমেন্টের রেজিস্ট্রেশন করা যাবে অনলাইনে এবং ব্যাংক লোন বা হোম লোনের জন্য সম্পত্তি বন্ধক রাখার প্রক্রিয়াকেও এখন অনলাইন করা হয়েছে।
কিভাবে এই নতুন সিস্টেম কাজ করবে ?
এই নতুন সিস্টেমে নিবন্ধীকরণ করা খুবই সহজ। এর জন্য মাত্র কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে তামিলনাড়ু রেজিস্ট্রেশন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর একটি ইউজার লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পর সেখানে প্রয়োজনীয় সম্পত্তির তথ্য দিয়ে জরুরি নথিপত্রগুলি আপলোড করতে হবে।
আরও পড়ুনঃ মায়ের মদতে সৎ বাবার লালসার শিকার ১২ বছরের নাবালিকা! কঠিন সাজা দিল চুঁচুড়া কোর্ট
তামিলনাড়ু সরকার জমা দেওয়া নথিপত্রের যাচাইকরণ এবং অনুমোদনের প্রক্রিয়াটিকেও অত্যন্ত স্বচ্ছ ও আধুনিক করেছে। সাব-রেজিস্ট্রার নথিগুলি যাচাই এবং অনুমোদন করার সাথে সাথেই, ডিজিটালভাবে সাইন করা মূল রেজিস্ট্রির কাগজপত্র সরাসরি আবেদনকারীর রেজিস্টার করা মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে জানানো হয়েছে। এ ছাড়াও, জমি, বাড়ি বা ফ্ল্যাটের ক্রেতা এবং বিক্রেতা – দুই পক্ষই তাদের নিজস্ব ইউজার লগইন অ্যাকাউন্টে গিয়ে যখন খুশি এই অফিসিয়াল রেজিস্ট্রি সার্টিফিকেটটি ডাউনলোড করারও সুযোগ পাবেন।