প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই আসছে ছট পুজো (Chhath Puja 2026)। জেলায় জেলায় চলছে পুজোর প্রস্তুতি। প্রতি বছর হিন্দু শাস্ত্র অনুযায়ী কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক শুক্লা সপ্তমী অবধি পালিত হয় ছট। এই পুজোয় সূর্যদেব ও ছট্টি মাইয়ার পুজো (Chhath Puja significance) করা হয়। ৪ দিন ধরে চলে উপবাস করে এই ছট পুজো করা হয়। কিন্তু জানেন কি কেন ছট পুজোয় সূর্য দেবতার আরাধনা করা হয়? যদি না জেনে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য।
ছট পুজোর গুরুত্ব
ছট পুজোয় কোনও মূর্তি উপাসনা করা হয় না। গঙ্গার তীরে গিয়ে উদীয়মান সূর্যকে মন ভরে বন্দনা করা হয়। যদিও এখন অনেকে মূর্তি নির্মাণও করেন। পারিবারিক সুখ সমৃদ্ধি ও বাড়ির ছোটদের মঙ্গলকামনায় ছটের পুজো হয়। এই পুজোর নৈবেদ্য হিসেবে বেশ গুরুত্বপূর্ণ ঠেকুয়া। ষষ্ঠী দেবীর কৃপা এবং সূর্যের তেজ এই দুইয়ের মেলবন্ধনেই গড়ে উঠেছে ছট পুজোর আচার। কিন্তু সেক্ষেত্রে সূর্যদেবের আরাধনা সকলকে বেশ ভাবায়। সেই কারণটা আসলে কী তাহলে চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
কেন সূর্য দেবের আরাধনা করা হয়?
কথিত আছে, দশরথ পুত্র রামচন্দ্র লঙ্কা বিজয় করে ফিরে আসলে, অযোধ্যাবাসী পুজো করেন কুলদেবতা সূর্যের। এই পুজো ছট পুজোর সময় করা হয় বলে বিশ্বাস। অস্তগামী সূর্যকে ষষ্ঠীর দিন পুজো করা হয়। সেদিন নৈবেদ্য হিসেবে দুধ অর্পণ করা হয়। ব্রতের শেষদিন অর্থাৎ সপ্তমী তিথিতে ফের জলাশয়ে গিয়ে উদীয়মান সূর্যকে বন্দনা করা হয়। অন্যদিকে এই বলা হয় যে পাণ্ডবরা যখন তাদের সমস্ত রাজত্ব হারিয়েছিলেন, সেইসময় দ্রৌপদী রাজসিংহাসন ফিরে পাওয়ার জন্য সূর্যদেবের সামনে ৩৬ ঘণ্টা ছটের উপবাস রেখেছিলেন। দ্রৌপদী যখন নিয়ম মেনে ছট উত্সব পালন করছিলেন সেই সময় পাণ্ডবরা তাদের রাজপ্রাসাদ ফিরে পেয়েছিলেন।
আরও পড়ুন: জানেন, কেন ঘুমোনোর সময় শরীর হঠাৎ কেঁপে ওঠে?
ছট পুজোয় সূর্য দেবতার পুজোর সঙ্গে মহাভারতের বেশ যোগ রয়েছে। বলা হয়, কর্ণ ছিলেন সূর্যের পরম ভক্ত। তিনি প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা জলে দাঁড়িয়ে সূর্যদেবের পুজো করতেন। আর তারপরেই নাকি কর্ণ মহান যোদ্ধা হয়েছিলেন। তারপর থেকেই নাকি ছট পুজোয় সূর্যদেবের আরাধনা করা হয়। এ বছর ছট পুজোর ব্রত শুরু হচ্ছে, ১৩ নভেম্বর, শুক্রবার থেকে যা শেষ হবে ১৬ নভেম্বর সোমবার।