সৌভিক মুখার্জী, কলকাতা: পচা ডিম ছোঁড়ার বদলে এবার ডিমের অমলেট খাইয়ে ‘জামাই আদর’ করা হলো তৃণমূল নেতাকে। ঘটনা দুর্গাপুরের (Durgapur)। সূত্রের খবর, তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ ওই দলীয় কর্মী সাধারণ মানুষের কাছ থেকে জমির পাট্টা দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছিল। তবে রাজ্যে ক্ষমতায় পালাবদল হতেই এদিন তাঁর উপর ক্ষোভ উগড়ে দিয়েছে আমজনতা। বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা, বিধায়করা গ্রেফতার হচ্ছেন ঠিকই। এমনকি প্রকাশ্যে ডিম ছুঁড়ে মারার ঘটনাও সামনে আসছে। কিন্তু তাঁকে এবার ডিমের অমলেট খাইয়ে করা হলো জিজ্ঞাসাবাদ।
ডিমের ওমলেট খাওয়ানো হলো তৃণমূল নেতাকে
সূত্রের খবর, দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শিপুল সাহা এবং তাঁর অনুগামীরা স্থানীয় মানুষজনদের কাছ থেকে জমির পাট্টা দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে। বিশেষ করে মহানন্দা কলোনি, বীরভানপুর সহ বেশ কিছু এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর টাকা নেয় তাঁরা। গতকাল রাতে মহানন্দা কলোনির এক ব্যক্তির বাড়ি থেকে ব্যাগ ভর্তি ফর্ম উদ্ধার করা হয়। আর সেখান থেকেই ক্ষোভ জন্মায় সাধারণ মানুষের।
জানা যায়, ওই পাট্টার ফর্ম এবং ঝাঁটা হাতে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে সামিল হন। তাদের স্পষ্ট দাবি, তৃণমূল কাউন্সিলর তাদের পাট্টা দেওয়ার নাম করেছে অবৈধভাবে যে টাকা আত্মসাৎ করেছে তা অবিলম্বে ফেরত দিতে হবে। এমনকি স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরাও সেখানে সামিল হন, এবং তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তবে বিদায়ী কাউন্সিলর শিপুল সাহার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলেই খবর। সেই সূত্রে তাঁর অনুগামী স্থানীয় তৃণমূল নেতা সুকুমার চক্রবর্তীকে সেখানে ডেকে পাঠানো হয়।
আরও পড়ুন: যানজট এড়াতে কলকাতায় রিং রোড তৈরির প্রস্তাব রাজ্যের, উপকৃত হবে ৪ জেলা
তবে আশঙ্কা করা হচ্ছিল, রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে তাল মিলিয়ে তিনিও হয়তো ডিম্বাঘাত খেতে পারেন। কিন্তু এদিন ঘটল সম্পূর্ণ উল্টো ঘটনা। তাঁর উপর ডিম ছোঁড়া বা হেনস্থার কোনও ঘটনা ঘটেনি। বরং, চেয়ারে বসিয়ে তাঁকে একাবারে ‘জামাই আদর’ করিয়ে ডিমের অমলেট খাইয়েছে বাসিন্দারা এবং পাট্টার নাম করে কত টাকা তোলা হয়েছে এবং সেই টাকা কোথায় গিয়েছে তা পুঙ্খানুপুঙ্খ জানতে চাওয়া হয়। গ্রামবাসীর স্পষ্ট দাবি, সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া টাকার সম্পূর্ণ হিসাব দিতে হবে এবং পাট্টা না দেওয়ার কারণ উল্লেখ করতে হবে। এবং সমস্ত টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। পাল্টা তৃণমূল নেতার দাবি, সমস্ত উত্তর বিদায়ী বিধায়ক শিপুল সাহা দিতে পারবেন। তাঁর কাছে এ বিষয়ে কোনও উত্তর নেই।