বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা তৃণমূল (Trinamool Congress) দলটাই দুর্নীতিতে জড়িয়ে! রাজ্যে পালাবদল হতেই তার প্রমাণ পাচ্ছেন বঙ্গবাসী। শুক্রবার নতুন করে রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির (Manoj Tiwary) অফিস এবং পাশের একটি ক্লাব থেকে প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। হাওড়ার বালিটিকুরি এলাকায় মনোজ তিওয়ারির অফিস এবং নির্দিষ্ট ক্লাব থেকে ত্রাণের সরকারি ত্রিপল থেকে শুরু করে কম্বল সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এদিকে বিজেপি কর্মীদের অভিযোগ, মনোজের অফিসের ড্রয়ার থেকে উদ্ধার হয়েছে কনডমের প্যাকেট।
সরকারি ত্রাণসমগ্রী লুকিয়ে রেখেছিলেন মনোজ?
কয়েকটি সূত্র মারফত খবর, শুক্রবার হাওড়ার 50 নম্বর ওয়ার্ডের প্রাক্তন চেয়ারম্যানের গোডাউন থেকে নানান সরকারি ত্রাণ সহ একাধিক সামগ্রী পাওয়া গেছে। যে ঘটনায় দাশনগর-কাশীপুর এলাকায় মনোজ তিওয়ারি ঘনিষ্ঠ বিপ্লবদে-র বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা।
স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের নেতা বিপ্লব যে ক্লাবে যুক্ত ছিলেন সেই ক্লাবের ভেতর থেকেই সরকারি ত্রাণ সামগ্রী সহ একাধিক জিনিস পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রে এও জানা গিয়েছে, শুধুমাত্র সরকারি ত্রাণ নয়, ওই ক্লাব ঘরের ভেতর থেকে ছুরি, তরোয়াল এমনকি হকিস্টিকও উদ্ধার করেছেন বিজেপি কর্মীরা।
অবশ্যই পড়ুন: খামেনির দাফনের আগেই শ্রদ্ধা জানাতে ইরানে হিন্দু, মুসলিম, শিখ সম্প্রদায়ের ভারতীয়রা
এদিকে বিজেপি নেতা মনোজ গোস্বামীর বক্তব্য, সরকারের তরফে দেওয়া ত্রাণ সাধারণ মানুষের কাছে পৌঁছে না দিয়ে দিনের পর দিন অফিসে এবং ক্লাবে আটকে রেখেছিল তৃণমূলের গুন্ডারা! তিনি এও অভিযোগ করেছেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ারে কনডমের প্যাকেট পাওয়া গিয়েছে। যদিও এই ঘটনায় প্রতিক্রিয়া জানাননি প্রাক্তন ক্রিকেটার।