অনন্যা সরকার, কলকাতা: সম্প্রতি দিদি নাম্বার ওয়ান (Didi No 1)-এর সিজন ১০-এর ঘোষণা করেছে চ্যানেল কর্তৃপক্ষ। প্রোমোতেই স্পষ্ট করা হয়েছে, আর চারজন নয় একসঙ্গে ১০ জন দিদিকে দেখা যাবে একটি পর্বে। তবে শুধু যে খেলাতেই পরিবর্তন এসেছে তা নয়, শোনা যাচ্ছে আগামী সিজনের সঞ্চালনার দায়িত্বে থাকবে স্বস্তিকা মুখোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়কে সম্ভবত দেখা যাবে না সিজন ১০-এ। সঞ্চালিকা পরিবর্তনের খবর সামনে আসতে না আসতেই, চ্যানেলের তরফ থেকে নতুন সিজনের সম্প্রচারের সময়ও জানিয়ে দেওয়া হয়েছে। গত বেশ কয়েক বছর ধরে বিকেল বেলায় দিদি নাম্বার ওয়ান দেখতে টেলিভিশনের সামনে বসতেন দর্শকরা, তবে এবার নতুন সময়ে সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি।
দিদি নাম্বার ওয়ান-এর স্লট পরিবর্তন
আগামী ২৯ শে জুন থেকে আর বিকেল ৪:৩০টে দেখা যাবে না দিদি নাম্বার ওয়ান। এবার থেকে সোম থেকে শুক্র রাত ১০:১৫ মিনিটে হবে প্রোগ্রামের সম্প্রচার। স্বাভাবিকভাবেই দীর্ঘদিনের স্লট হারাতে দর্শকরা কিছুটা হতাশ। দীর্ঘদিন ধরে একই সময়ে দেখা যাচ্ছিল প্রোগ্রামটি, তাই স্লট পরিবর্তন করলে টিআরপি (TRP) কমতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। আবার রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অন্য সঞ্চালিকা আসলে প্রোগ্রামটি আগের জনপ্রিয়তা ধরে রাখতে পারবে কিনা, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ সহজেই মিলবে ঘর! বাংলায় আবাসে লাগু হতে পারে কোটা সিস্টেম, উদ্যোগ সরকারের
সব মিলিয়ে নতুন মোড়কে আসতে চলেছে ‘দিদি নাম্বার ওয়ান সিজন ১০’। সঞ্চালিকা এবং সময়ের পরিবর্তন প্রোগ্রামটির টিআরপি ধরে রাখতে বা বাড়াতে পারে কিনা, সেটাই এখন দেখার। পাশাপাশি দশ জন প্রতিযোগীর সাথে খেলার ফরম্যাট কেমন হবে সেটা জানতেও আগ্রহী দর্শকরা। সর্বোপরি সঞ্চালিকার ভূমিকায় স্বস্তিকা মুখোপাধ্যায় কেমন করে আসর জমাবেন, তা দেখার জন্যও মুখিয়ে রয়েছে দর্শকমহল।