বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষায় জল ঢালতে পারে বৃষ্টি? যে ভারত বনাম ব্রাজিল ম্যাচ (India Vs Brazil) নিয়ে এত উন্মাদনা, এত আয়োজন সেই প্রীতি ম্যাচে কাটা হতে পারে বৃষ্টি! আপাতত ওয়েদার রিপোর্ট (Weather Report) যা বলছে রাতে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ অর্থাৎ শনিবার। আর এই বৃষ্টি যদি রাত পর্যন্ত চলে সেক্ষেত্রে ভারত বনাম ব্রাজিলের হাই ভোল্টেজ ম্যাচ যে ভেস্তে যাবে সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে এখনও প্রীতি ম্যাচ নিয়ে আশা রয়েছে ভক্তদের।
বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত বনাম ব্রাজিলের ম্যাচ?
নির্ধারিত সূচি অনুযায়ী, আজ অর্থাৎ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে একে অপরের মুখ দেখবে ভারত এবং ব্রাজিল দল। তবে সেই ম্যাচ শুরু হওয়ার আগে চিন্তা বাড়িয়েছে ওয়েদার রিপোর্ট। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায়।
আবহাওয়াবিদদের দাবি, এখনই কলকাতায় প্রবল বর্ষণের সম্ভাবনা খুব একটা নেই। তবে যদি আবহাওয়ার মুড বদল হয় এবং শেষ পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি নামে সে ক্ষেত্রে বাতিল হয়ে যেতে পারে ভারত বনাম ব্রাজিলের ফুটবল ম্যাচ। তবে সেই সম্ভাবনা ক্ষীণ বললেই চলে। মনে করা হচ্ছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় একটানা বেশ কিছুক্ষণ বৃষ্টি হলেও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে অর্থাৎ একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
আরও পড়ুন: ভারতের এই ফুটবলারকে নিয়েই সতর্ক ব্রাজিল
উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে যুবভারতীতে প্রীতি ম্যাচ উপলক্ষ্যে গত পহেলা অক্টোবরেই শহরে চলে এসেছে ব্রাজিল দল। খোদ কোচ কার্লো আনচেলত্তির দেখানো পথে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনও করেছে হলুদ ব্রিগেড। ব্রাজিলের মুখোমুখি হয়ে নিজেদের সবটা উজাড় করে দিতে পুরোপুরি প্রস্তুত ভারতও। সেই মতোই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।