অনন্যা সরকার, কলকাতা: ঢাকে কাঠি পড়তে যে আর মাত্র কয়েকটা দিন বাকি মার্কেটগুলিতে ভিড় দেখলেই তা আন্দাজ করা যায়। চারিদিকে সাজো সাজো রব, পুজো পুজো গন্ধ। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের আমলে এটিই প্রথম দুর্গাপুজো তাই পুজোর আগে দরাজহস্ত হয়েছে সরকার। পুজো মণ্ডপ গুলিতে ১০০ শতাংশ বিদ্যুৎ ছাড় থেকে শুরু করে চা বাগান শ্রমিকদের ২০ শতাংশ হারে পুজোর বোনাস সহ আরো নানান ঘোষণা করেছে শুভেন্দু অধিকারী সরকার। এবার খাদ্য দপ্তরের তরফে পুজোয় রেশন (Rationing) উপভোক্তাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করা হল। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া জানান পুজো উপলক্ষে রেশনে এবার ময়দা ও চিনি দেওয়া হবে।
রেশনে মিলবে পুজোর বিশেষ গিফট
মঙ্গলবার খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পুজোর সময় রেশন প্রাপকদের আলাদাভাবে চিনি ও ময়দা দেওয়া হবে। পাশাপাশি তিনি এও আশ্বাস দিয়েছেন যে, আগে যে মানের চিনি রেশনে দেওয়া হত, এবারে তার থেকে মান অনেক উন্নত হবে। মন্ত্রী বলেন, এটা পশ্চিমবঙ্গের সনাতনী বাঙালি হিন্দুদের জন্য খাদ্য দফতরের থেকে একটি উপহার।
পশ্চিমবঙ্গের রেশনে কার্ডের ধরন অনুযায়ী সাধারণত দেওয়া হয় চাল, গম বা আটা। অশোক কীর্তনীয়া এই বিশেষ উপহার প্রসঙ্গে বলেন, পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিলেন রাজ্যে ক্ষমতায় আসুক বিজেপি। তারা পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় এনেছেন। তাই এখন তাঁদের দায়িত্ব মানুষের ন্যূনতম চাহিদাগুলি মেটানো। সেটাই করবে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাত ধরে।
আরও পড়ুন: একটি কিডনি দিয়েই জীবন চালান এই গ্রামের বাসিন্দারা, কারণ জানলে চমকে উঠবেন আপনিও
প্রসঙ্গত, গত সপ্তাহে বনগাঁয় আয়োজিত সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছিলেন, বেহাল হয়ে পড়ে থাকা বাগদা রোডকে খুব শীঘ্রই সংস্কার করা হবে এবং এটিকে চার লেনের জাতীয় সড়ক বানানো হবে। কয়েক দিনের মধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) বাগদা রোডের দায়িত্ব গ্রহণ করবে এবং তারপরই ফোর লেন সড়ক নির্মাণের কাজ শুরু হবে।