বাজেটে কী থাকবে জানানোই হতো না অর্থমন্ত্রীকে! পদ ছেড়েই মমতার বদনাম শুরু চন্দ্রিমার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূলের সমস্ত পদ ছাড়তেই এবার বিস্ফোরক চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নাকি তাঁর সাথে বাজেট নিয়ে কোনও আলোচনাই করতেন না। কী অদ্ভুত ব্যাপার! রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে আলোচনা না করেই বাজেট তৈরি করে ফেলছেন, এদিকে সেই বাজেট আবার পেশ করছেন অর্থমন্ত্রীই। তাতে বড় বড় হরফে লেখা রয়েছে অর্থমন্ত্রীরই নাম। উল্লেখ্য, 2021 সালের বাজেট পেশের সময় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছিলেন, তিনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতেই বাজেট বানিয়ে ফেলেছেন।

পদ ছাড়তেই মমতার বদনাম শুরু চন্দ্রিমার?

শনিবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অভিমান থেকেই তৃণমূলের রাজ্য সভাপতি সহ অন্যান্য সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। চিঠিতে সে কথা লিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন তিনি। চন্দ্রিমার দাবি, যেখানে তাঁর আনুগত্য নিয়ে প্রশ্ন উঠছে সেখানে থেকে আর থেকে লাভ নেই! এমন বক্তব্যের পর পরই এবার বাজেট প্রসঙ্গে মুখ খুললেন চন্দ্রিমা ভট্টাচার্য।

রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী জানালেন, বাজেট পেশ করতেন তিনি। কিন্তু সেই বাজেটে কী কী থাকবে সেসব কিছুই তাঁর সাথে আলোচনা করে তৈরি হতো না। বাজেট পেশ করার কয়েক ঘন্টা আগে সেসব জানতে পারতেন চন্দ্রিমা। এদিন অভিযোগের সুরে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমার সাথে আলোচনা করে কোনও দিনই বাজেট তৈরি হতো না। সাধারণ মানুষ যখন বাজেট সম্পর্কে জানতে পারতো তার এক ঘণ্টা আগে আমি জানতাম। আমি চিরকাল দলের প্রতি আনুগত্য দেখিয়ে এসেছি। সেটাই যখন প্রশ্নের মুখে তাহলে আর কী! পদত্যাগ করার সিদ্ধান্ত নিলাম।”

অবশ্যই পড়ুন: মমতার এক কথাতেই সব শেষ! চন্দ্রিমার তৃণমূলের সমস্ত পদ ছাড়ার কারণ প্রকাশ্যে

উল্লেখ্য, চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, মেট্রোপলিটনের তৃণমূল ভবনে যেদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরা ঢুকে পড়েন সেই সময় ওই ভবনেই ছিলেন তিনি। পরে সেখান থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলে তৃণমূল নেত্রী তাঁকে একেবারে মুখের উপরেই বলে দেন, “ওদের হাতে তৃণমূল ভবনটা দিয়ে চলে এলে?” এ কথা শোনার পরই অভিমানে তৃণমূলের সমস্ত পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রাক্তন মন্ত্রী।

Leave a Comment