সহেলি মিত্র, কলকাতা: নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ জেলায় জেলায়। এদিকে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বঙ্গোপসাগরে অবস্থান করছে শক্তিশালী নিম্নচাপ। যার প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া এখন বেশ পরিবর্তনশীল। কোথাও ঝিরিঝিরি থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও দফায় দফায় বৃষ্টিপাত চলছে। আজ ছুটির দিন সকাল থেকেই বৃষ্টিপাত চলছে দফায় দফায়। তবে বিকেল থেকে সন্ধের মধ্যে আরও বৃষ্টিপাত চলবে বলে খবর (Weather Update)।
বিকেলে ধেয়ে আসছে বৃষ্টি
আইএমডি-র এক কর্মকর্তা বলেছেন, “পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার আগে নিম্নচাপটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।” আবহাওয়া অফিসের মতে, আজ বিকেল থেকে সন্ধের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় অঝোরে বর্ষণের ভ্রূকুটি রয়েছে। রয়েছে বজ্রপাতেরও সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে।আগামী ৭ জুলাই মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরী রয়েছে প্রশাসন। রাজ্য সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, বৃষ্টিজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, “কন্ট্রোল রুমগুলো দিনরাত কাজ করছে। ঝুঁকিপূর্ণ ও নিচু এলাকাগুলো পর্যবেক্ষণ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।” এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা দল, বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। জল জমা, গাছ উপড়ে পড়া এবং ভারী বৃষ্টির কারণে সৃষ্ট যেকোনো ধরনের বিঘ্নের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকল বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। ভারী বৃষ্টি না হলেও এদিন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, দুই দিনাজপুর ও কোচবিহার জেলায়।
আরও পড়ুনঃ কেনেনি ফোন, ১৩ হাজার অঙ্গনওয়াড়ি কর্মীকে টাকা ফেরতের নির্দেশ রাজ্য সরকারের
আগামীকালের আবহাওয়া
সোমবারও দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়।