বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপ (FIFA World Cup) থেকে বিদায় নিয়েছে ব্রাজিল (Brazil)। পাঁচবারের চ্যাম্পিয়নদের এমন দুর্দশা দেখে দলের কৌশল নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। আসলে প্রথমার্ধে ব্রাজিল যে পেনাল্টি পেল। তা যদি জালে গিয়ে জোড়াতো তাহলে বোধহয় ম্যাচের ছবিটা অন্যরকম হতো। তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। ম্যাচের প্রথম 45 মিনিটেই সুযোগ নষ্ট করেছিলেন ব্রাজিলের এক তারকা ফুটবলার। বিতর্ক ভুলে তাঁকেই দোষারোপ করছেন অনেকে! কেউ কেউ বলছেন, ওই ফুটবলারের ভুলের মাসুম গুনতে হল ব্রাজিলকে।
এই ফুটবলারের জন্যই স্বপ্ন ভাঙল ব্রাজিলের?
প্রথমার্ধে ব্রাজিল যখন পেনাল্টি পেল ভক্তরা ভেবেছিলেন এতেই গোল হয়ে যাবে। তবে জালের সামনে এসে দাঁড়ালেন ব্রুনো গিমারায়েস। একেবারে জঘন্য শট করলেন তিনি। তাতে বল তো জালে গেলই না বরং আশা ভঙ্গ হল ভক্তদের। তাই এই ফুটবলারকেই ব্রাজিলের পরাজয়ের নেপথ্যে দায়ী করছেন দেশটির অনেকেই! যদিও ব্রাজিলের কোচ কার্লো অবশ্য সেই ব্যর্থতার জন্য তাঁকে দোষ দিতে রাজি নন।
সবচেয়ে অবাক করা বিষয়, আজ পেনাল্টি করতে ব্রুনোকে যখন পাঠানো হলো সেই সময় মাঠের বাইরে এবারের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল করা ভিনিসিয়াস জুনিয়র। প্রশ্ন উঠছে, তাঁকে কেন নামালো না ব্রাজিল? ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, “আমাদের আগে থেকেই ঠিক করা ছিল কে পেনাল্টি শট মারবে। পেনাল্টি করার ক্ষেত্রে আমাদের প্রথম পছন্দ নেইমার। তারপর রাফিনিয়া এবং তিন নম্বর পছন্দ ব্রুনো। ওই সময় প্রথম দুজনের কেউই মাঠে ছিলেন না তাই ব্রুনো শট মেরেছে।”
অবশ্যই পড়ুন: এক যুগের সমাপ্তি! ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিতেই অবসর ঘোষণা নেইমারের
যেখানে প্রথমার্ধে পেনাল্টি মিস করার জন্য ব্রুনোকে দায়ী করছেন ব্রাজিলের ভক্তরা, সেই পর্বে দাঁড়িয়ে প্রধান কোচ কার্লো কিন্তু এই ফুটবলারকে দোষ দিতে রাজি নন। তিনি বলেন, “ফুটবলে এমন ঘটনা অহরহ ঘটে। ব্রুনো অনুশীলন চলাকালীন অনেক পেনাল্টি শট করেছে। গোলও হয়েছে। সব সময় ভাগ্য সহায় হয় না। কখনও আপনি গোল করবেন, কখনও গোল রক্ষক দুর্দান্ত সেভ করবে।” সব মিলিয়ে বলাই যায়, ব্রুনোর একটা ছোট্ট ভুলে ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেলেও কোচ কার্লো ফুটবলারকে দোষ দিতে নারাজ।