প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই শক্তিশালী হয়ে উঠেছে। যার জেরে ভারী বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal)। একাধিক রাস্তায় জমছে জল, তবে এখনই দুর্যোগ কাটছে না, আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকালও (Weather Tomorrow) দিনভর বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল ছিল, তা নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে রাজস্থান থেকে উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। আর এই দুই প্রভাবেই আগামী কয়েক দিন রাজ্যের প্রায় সব জেলায় চলবে টানা বর্ষণ। অন্যদিকে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। বৃষ্টির পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি চলবে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও গোটা সপ্তাহ জুড়ে কমবেশি বৃষ্টি চলবে। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে।
আরও পড়ুন: বারুইপুর গণধর্ষণ কাণ্ডে বড় সাফল্য পুলিশের, গ্রেপ্তার মূল অভিযুক্ত
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টি দুর্যোগের মধ্যেই আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, দুই দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই চলবে বৃষ্টিপাত। এছাড়াও এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। এমনকি পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে ধসের আশঙ্কা, বাড়বে নদীর জলস্তরও। তাই সেখানকার স্থানীয়দের সতর্কতা বজায় রাখার অনুরোধ করা হয়েছে।