সৌভিক মুখার্জী, কলকাতা: যোগ দিবস উপলক্ষে বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রেড রোডে (Red Road) অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। আর আগামী ২১ জুন এখানেই পালন করা হবে যোগ দিবস। ইতিমধ্যে শুরু হয়েছে তোড়জোড়। তবে এই অনুষ্ঠানের জন্য রেড রোডে ৭ দিন যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে লালবাজারের তরফ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসসিয়েশনের তরফে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আইনজীবি শামীম আহমেদ মামলা করেছেন। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে হবে এই মামলার শুনানি।
রেড রোডে যান চলাচল বন্ধ নিয়ে হাইকোর্টে মামলা
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট নেতারা। সেই কারণে এই রাস্তা দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এমনকি ৭ দিন আগে থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। সূত্রের খবর, গত ১৪ জুন রাত দশটা থেকে আগামী রবিবার অর্থাৎ ২১ জুন পর্যন্ত এই রাস্তা দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ইতিমধ্যেই লালবাজারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে।
সেখানে স্পষ্ট বলা হয়েছে, এজেসি বোস রোড, মৌলালি মোড়, সেন্ট জর্জেস গেট রোড ধরে দক্ষিণমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই রাস্তাগুলি দিয়ে পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। পাশাপাশি জহরলাল নেহেরু রোডের উভয় দিকে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে। যোগ দিবসের কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলেই স্পষ্ট জানানো হয়েছে। তবে হ্যাঁ, যোগ দিবসে অংশগ্রহণ করার জন্য যে গাড়িগুলোতে স্টিকার লাগানো থাকবে সেগুলি মেয়ো রোড ধরে যেতে পারবে বলে আরও জানানো হয়েছে।
আরও পড়ুন: সঙ্গে রাখুন ছাতা, বিকেলেই ঝেঁপে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে, আবহাওয়ার খবর
তবে দীর্ঘ ৭ দিন রেড রোড বন্ধ থাকার কারণে ক্ষোভ উগড়ে দিচ্ছে বিরোধী দলগুলি। এ নিয়েই এবার অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের দাবি, নামাজ পাঠের জন্য রেড রোড বন্ধ করতে দেয়নি নতুন সরকার, বরং ব্রিগেডে অনুষ্ঠিত হয়েছিল নামাজ পাঠ। তাহলে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে যোগ দিবসে কেন ৭ দিন রাস্তা বন্ধ থাকবে? ইতিমধ্যেই এই মামলা গ্রহণ করেছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। বৃহস্পতিবার এই মামলাটির শুনানি হবে বলেই জানানো হয়েছে।