সহেলি মিত্র, কলকাতা: গরমে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে বন্ধবাসীর। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের প্রাণ ঝালাপালা হয়ে যাচ্ছে যে হারে গরম পড়ছে। শরীর সুস্থ রাখাই এখন সকলের কাছে চ্যালেঞ্জিং হয়ে উঠছে। অস্বস্তি সূচক ভেঙে দিয়েছে আগের রেকর্ড। বর্তমান সময়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় প্রকৃত তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও অনুভূত তাপমাত্রা ৪০ থেকে ৪৩ ডিগ্রি বা তারও বেশি পৌঁছে যাচ্ছে। তাহলে কি আজ বা আগামী দিনে কোনও বৃষ্টিই হবে না? কবে মুক্তি মিলবে এরকম হাঁসফাঁস গরম থেকে? আজ বিকেলে বা সন্ধের দিকে কি ঝড় বৃষ্টির সম্ভাবনা (Weather Update )রয়েছে বাংলায়? চলুন জেনে নেওয়া যাক।
গরমের মধ্যেই বিকেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায়
জানা গিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি থাকায় গরমের অনুভূতি আরও তীব্র হয়ে উঠছে। যদিও এই গরমের মধ্যে বিকেলের দিকে কিছুটা হলেও স্বস্তির বৃষ্টি নামতে পারে কলকাতা সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। সেখানে বজ্রপাত ও বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে।সেইসঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। বাংলার এরকম আবহাওয়া প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী ড. সৌরিশ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাদের রাজ্যে ১২ জুন বর্ষা প্রবেশ করেছে। কিন্তু মৌসুমি বায়ুর তেমন শক্তি নেই। বৃষ্টি নামানোর মতো নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের মতো বড় কোনও আবহাওয়া ব্যবস্থা এখনও তৈরি হয়নি। আগামী ২-৩ দিন একই ধরনের গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে ২০ জুনের পর থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে তাপমাত্রা বড়জোর ২-৩ ডিগ্রি কমতে পারে।’
আরও পড়ুনঃ এই তারিখে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের জুন মাসের ৩০০০ টাকা, জানালেন মুখ্যমন্ত্রী
আবহাওয়া বিজ্ঞানী আরও জানান, ‘তবে এবার বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা কম। বরং ঘন ঘন বজ্রপাত হতে পারে। সেই কারণেই বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। এ বছর দক্ষিণবঙ্গে অন্যান্য বছরের তুলনায় বর্ষার বৃষ্টিপাত কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে।’ অর্থাৎ চলতি বছরে বৃষ্টির জন্য হা হুতাশ করতেই হবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গে গরম থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন মনোরম আবহাওয়া। সেখানে তীব্র ঝড় বৃষ্টি চলছে।হাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার বিকেল বা সন্ধের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বাদবাকি জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দাপট।