বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup) লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশাপাশি ভক্তদের নজরে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। গতকাল রাতে, সুইডেনের বিরুদ্ধে ফ্রান্সের হয়ে দুটি গোল করেন তিনি। সেই সূত্রেই প্রতিপক্ষ দলকে 3-0 ব্যবধানে দুরমুশ করেছে দ্রুতগতির দল ফ্রান্স। এদিকে দুই গোল করে একাধিক নজির গড়েছেন এমবাপে। পেছনে ফেলে দিয়েছেন ব্রাজিলের রোনাল্ডোকে। এবার লক্ষ্য মেসিকে টপকে যাওয়া!
মেসির রেকর্ড গুঁড়িয়ে দিতে সময় লাগবে না এমবাপের!
মঙ্গলবার, সুইডেনের বিপক্ষে মাঠে নেমেই দলের হয়ে প্রথম গোলটা করেছিলেন এমবাপে। একেবারে ঝড়ের গতিতে প্রতিপক্ষের ফুটবলারদের কাটিয়ে সুইডেনের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এমবাপের গোলের পর আত্মবিশ্বাসী ফ্রান্স দলের দাপুটে ফুটবলার ব্র্যাডলি বার্কোলা দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। তাতে প্রতিপক্ষের থেকে অনেকটাই এগিয়ে যায় ফ্রান্স।
এরপর দীর্ঘ বল দখলের লড়াই দেখতে হয়েছে ফুটবল সমর্থকদের। স্টেডিয়ামে বসে থাকা ফ্রান্সের ভক্তরা গলা ফাটাচ্ছিলেন এমবাপে এমবাপে করে। নিউ জার্সির সেই স্টেডিয়াম সমর্থকদের আওয়াজে গমগম করছিল। ঠিক সেই মেজাজ ধরে রেখেই 74 মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন এমবাপে। যা এই ম্যাচে তাঁর দ্বিতীয় গোল। আর সেই সূত্র ধরেই ব্রাজিলের রোনাল্ডোর কীর্তি ভেঙে দিয়েছেন তিনি।
আসলে ফিফা ফুটবল বিশ্বকাপের নকআউট এ 9টি গোল করে এগিয়েছিলেন রোনাল্ডো। 2006 সালের বিশ্বকাপ চলাকালীন এই কাজ করেছিলেন তিনি। 20 বছর আগেকার সেই কীর্তি ভেঙে এগিয়ে গেলেন এমবাপে। এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপের নকআউট এ সবচেয়ে বেশি গোল তাঁরই।
অবশ্যই পড়ুন: অভিষেকের বাড়িতে পাথর হামলা, ভিডিও পোস্ট করে বিজেপিকে আক্রমণ তৃণমূল সাংসদের
এখানে বলে রাখা প্রয়োজন, রোনাল্ডোকে ছাপিয়ে যাওয়ার পাশাপাশি এই মুহূর্তে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির রেকর্ড ধাওয়া করছেন এমবাপে। আসলে ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে মেসির নামে। আজ পর্যন্ত বিশ্বকাপে 19 গোল করেছেন মেসি। এদিকে এমবাপের নামে রয়েছে 18টি গোল। আর দুটি গোল হলেই মেসিকে টপকে যাবেন তিনি। যদিও মেসিরও এ বিশ্বকাপে আরও গোল করার সুযোগ রয়েছে। তবে এটাই তাঁর শেষ বিশ্বকাপ। ওদিকে এখনও আরও কয়েকটি বিশ্বকাপে খেলতে পারবেন মেসির তুলনায় অনেকটাই কম বয়সী এমবাপে। এক কথায় খুব শীঘ্রই মেসির দুঃখের কারণ হয়ে উঠতে পারেন ফ্রান্সের এই ফুটবলার!