“সংখ্যালঘুদের বরাদ্দে কোপ, পরিকাঠামোহীন!” বাজেট নিয়ে বিস্ফোরক ঋতব্রত, চুপ মমতা

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেট পেশ করেছে রাজ্য সরকার (West Bengal Budget 2026)। একেবারে রাজ্যবাসী থেকে শুরু করে সরকারি কর্মচারীদের ভরে উপহার দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কিন্তু এই বাজেটে কোপ পড়েছে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা বোর্ডে। এবার তা নিয়েই রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) মুখ খুললেন। বাজেট পর্ব শেষ হওয়ার পর বিধানসভার প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তিনি। আর সেখান থেকেই এই বাজেটকে ‘দিশাহীন পরিকাঠামো’ বলে কড়া ভাষায় আক্রমণ করলেন।

কী বললেন ঋতব্রত?

বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, এত কম সময়ে বাজেটের বিশ্লেষণ করা অসম্ভব। সমগ্র বাজেট প্রস্তাবটি পূর্ণাঙ্গভাবে পড়ে এবং তা নিয়ে বিশদ চর্চা করার পর এ বিষয়ে মন্তব্য করবেন। কিন্তু প্রাথমিক পর্যালোচনার ভিত্তিতে বাজেট পরিকাঠামো নির্মাণের রোডম্যাপের উপর নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন বিরোধী দলনেতা। যদিও রাজ্যের সরকারি কর্মচারীদের একধাক্কায় ২০% ডিএ বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিরোধী শিবির।

কিন্তু ঋতব্রতর দাবি, বাজেটে পরিকাঠামো উন্নয়নের কথা নানাভাবে বলা হলেও বাস্তবে ঠিক কত টাকা ব্যয় করা হবে তার কোনও উল্লেখ নেই। পরিকাঠামোগত নির্মাণ যদি না হয় তাহলে মানুষের হাতে টাকা পৌঁছবে না। আর মানুষের ক্ষমতা না বাড়লে কোনওভাবেই রাজ্য অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে না। তবে সংখ্যালঘু এবং মাদ্রাসা দফতরের বরাদ্দ কমানোর বিষয়টিকে কেন্দ্র করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, অতীতের সরকারগুলির বাজেট খতিয়ে দেখলে বোঝা যায়, এই দফতরের জন্য ৫০০০ থেকে ৫৬০০ কোটি টাকার বেশি বরাদ্ধ থাকত। তবে এবারের বাজেটে সেই বরাদ্দ অর্ধেকের বেশি কমিয়ে মাত্র ২০০০ কোটি টাকার কিছু বেশিতে নামিয়ে আনা হল, যা সত্যি দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রীর আর মুখ্যমন্ত্রী ‘সবকা সাথ সবকা বিকাশ’ স্লোগান এই বাজেটে একেবারেই প্রতিফলিত হয়নি।

আরও পড়ুন: “ঝাড়াই-বাছাই হবে” বাজেটে বেতন বাড়ালেও সিভিকদের উদ্দেশ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কিন্তু হ্যাঁ, এখনও পর্যন্ত বাজেট পেশের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেননি। এমনকি তাঁকে কোনও সাংবাদিকদের মুখোমুখিও আসতে দেখা যায়নি। বিরোধী দলের হয়ে শুধুমাত্র ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন, এবং সরাসরি রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন তিনি। ডিএ বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবকে স্বাগত জানালেও তিনি মালদা, বালুরঘাট এবং কোচবিহারে তিনটি বিমানবন্দরের পরিকাঠামোগত উন্নয়নের জন্য বাজেটে যে মাত্র ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তাকে সম্পূর্ণ অবাস্তব বলে দাবি করেন। মোদ্দা কথা, বিজেপি সরকার এই বাজেটকে সম্পূর্ণ দিশাহীন পরিকাঠামো বলেই দাবি বিরোধী দলনেতার। এমনকি সংখ্যালঘুদের বরাদ্দে কোপ পড়াতে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

Leave a Comment