আনিষা চৌধুরী, কলকাতা: সামনেই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো (Durga Puja)। আর তার আগেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩,০০০ টাকা মাসিক কিস্তির অপেক্ষায় রয়েছেন বহু মহিলা। সেপ্টেম্বরের কিস্তির টাকা ১৭ সেপ্টেম্বর থেকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল এবং ইতিমধ্যেই অনেকে পেয়ে গিয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ১ কোটি ৫৮ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছিল। তবে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই সময়ে টাকা জমা পড়ে না। তাই এখনও টাকা না পেলে প্রথমেই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করে নেওয়া দরকার।
এখনই চেক করে নিন এই পাঁচটি জিনিস
প্রথমে দেখুন আপনার অন্নপূর্ণা যোজনার আবেদনটি সত্যিই ‘Approved’ রয়েছে কি না। আবেদন অনুমোদিত হওয়ার অর্থ এই নয় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে। অনুমোদনের পর DBT-এর মাধ্যমে টাকা পাঠানোর আরও একটি ধাপ রয়েছে। তাই ‘Approved’ দেখাচ্ছে অথচ টাকা ঢোকেনি বলে সঙ্গে সঙ্গে আবেদন বাতিল হয়েছে ধরে নেওয়া ঠিক নয়। অন্নপূর্ণা যোজনার সরকারি পোর্টালে Track Applicant Status অপশন রয়েছে, যেখানে রেজিস্টার্ড মোবাইল নম্বরের মাধ্যমে আবেদন সংক্রান্ত তথ্য দেখা যায়।
দ্বিতীয়ত, আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য মিলিয়ে নিন। আধারে থাকা নাম বা অন্যান্য পরিচয় সংক্রান্ত তথ্যের সঙ্গে ব্যাঙ্কের নথিতে থাকা তথ্যের বড় কোনও অমিল রয়েছে কি না দেখে নিন। এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সিডিং করা আছে কি না নিশ্চিত করুন। কারণ সরকারি সুবিধার টাকা DBT-এর মাধ্যমে পাওয়ার ক্ষেত্রে আধার-সংক্রান্ত তথ্য সঠিক থাকা গুরুত্বপূর্ণ। কোনও সমস্যা থাকলে ব্যাঙ্কে গিয়ে আধার লিঙ্ক এবং নিন।
তৃতীয়ত, DBT সংক্রান্ত বিষয়টি পরীক্ষা করুন। শুধু আধার ব্যাঙ্কের সঙ্গে যুক্ত থাকলেই সব সমস্যা মিটবে এমনটা ধরে নেওয়া ঠিক নয়। আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার যুক্ত রয়েছে এবং সরকারি DBT-এর টাকা কোন অ্যাকাউন্টে যাওয়ার কথা, তা নিশ্চিত করে নিন। বিশেষ করে যাঁদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই বিষয়টি আরও ভালোভাবে দেখে নেওয়া দরকার। আগের কিস্তির টাকা যে অ্যাকাউন্টে এসেছিল, সেটিও একবার যাচাই করতে পারেন।
চতুর্থত, আবেদন করার সময় দেওয়া তথ্যগুলিতে কোনও ভুল বা গরমিল আছে কি না মিলিয়ে দেখুন। নাম, আধার নম্বর, ব্যাঙ্কের তথ্য কিংবা অন্য প্রয়োজনীয় তথ্যের মধ্যে সমস্যা থাকলে টাকা পাঠানোর প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।
পঞ্চমত, শুধু ব্যাঙ্কের SMS-এর অপেক্ষা না করে সরকারি অন্নপূর্ণা যোজনা পোর্টালে গিয়ে আবেদনটির বর্তমান অবস্থা দেখুন। পোর্টালে আপনার আবেদন অনুমোদিত দেখালে কিছুটা সময় অপেক্ষা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টও পরীক্ষা করুন। সরকারি পোর্টালেই আবেদন ট্র্যাক করার ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন: বোলপুরে বিজেপির বুথ সভাপতিকে গুলি করে খুন
এর পরেও টাকা না এলে প্রথমে ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কি না, আধার সিডিং এবং DBT সংক্রান্ত তথ্য ঠিক আছে কি না জেনে নিন। সমস্যা থাকলে সংশ্লিষ্ট BDO বা SDO অফিসে যোগাযোগ করতে পারেন। কলকাতা পুরসভা এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসেও যোগাযোগ করতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার আবেদন সংক্রান্ত কাজ BDO, SDO এবং কলকাতা পুরসভা এলাকার ওয়ার্ড অফিসের মাধ্যমে করা যায়। তাই পুজোর আগে ৩,০০০ টাকা না ঢুকলে আতঙ্কিত না হয়ে প্রথমে এই পাঁচটি বিষয় একবার ভালো করে যাচাই করে নিন।