৭ দিন ডেডলাইন, শিয়ালদা ফ্লাইওভার ও সুকান্ত সেতু খালি করতে পুরসভার নোটিশ

সৌভিক মুখার্জী, কলকাতা: প্ল্যাটফর্ম এবং স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ নিয়ে তোলপাড় গোটা রাজ্যের রাজনীতি। গতকালই পার্ক সার্কাসে চলেছে বুলডোজার। তবে এবার নোটিশ পড়ল শিয়ালদা ফ্লাইওভারের (Sealdah Flyover) নিচে বেআইনি ভাবে দখল করে থাকা দোকানগুলির উপর। পাশাপাশি সুকান্ত সেতুর নিচে বেআইনি নির্মাণ তোলার জন্য নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। নির্ধারিত সময়ের মধ্যে লোটাপাত্র না গোটালেই চলবে বুলডোজার। ইতিমধ্যে পার্ক সার্কাসের পাশাপাশি তপসিয়া, হাওড়া, দমদম, কসবা সহ একাধিক জায়গায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ নির্মাণ।

শিয়ালদা ফ্লাইওভারে নোটিশ

শনিবার কলকাতা পুররসভার তরফ থেকে শহরে দু’দিকে নোটিশ পাঠানো হয়েছে। ডেডলাইন দেওয়া হয়েছে ৭ দিন। সরকার ক্ষমতায় আসার আগেই বার্তা দিয়েছিল, কোনওরকম বেআইনি নির্মাণ বা জবরদখল চলবে না। সেই বার্তা অক্ষরে অক্ষরে পালন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৭ দিনের মধ্যেই শিয়ালদা ফ্লাইওভারের নিচে যে সমস্ত ব্যবসায়ী বেআইনিভাবে জবরদখল করে দোকান চালাচ্ছেন তাদেরকে উঠে যেতে বলা হয়েছে নোটিশে। সকলেই যাতে সময়সীমার মধ্যেই ওই এলাকা খালি করে দেয় সেই নির্দেশ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, আচার্য প্রফুল্ল চন্দ্র রোডে অবস্থিত বিদ্যাপতি সেতু বা শিয়ালদা ফ্লাইওভারের নিচে অবৈধভাবে দখল করে থাকা সকল ব্যক্তি যারা কলকাতা পৌর কর্পোরেশনের আইন ১৯৮০ ধারা ৩৭১ সহ ধারা ৫১৬-র বিধান লঙ্ঘন করে অস্থায়ীভাবে বিভিন্ন ধরনের কাঠামো বা স্থাপনা নির্মাণ করেছেন, তাদের এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে আগামী ৭ দিনের মধ্যেই সমস্ত কাঠামো অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই উক্ত কাঠামো বা স্থাপনা অপসারণ না করলে কলকাতা পৌর কর্পোরেশন আইন ১৯৮০ এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেবে কেএমসি।

আরও পড়ুন: ২১ জুলাই ধর্মতলায় শহীদ দিবস, অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে চিঠি মমতার তৃণমূলের

প্রসঙ্গত, যাদবপুর এবং সন্তোষপুরের মধ্যে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ ফ্লাইওভার অর্থাৎ সুকান্ত সেতুর নিচে সন্ধ্যাবেলা বিরাট বাজার বসে। সুলেখা ক্রসিং থেকে শুরু হয়ে গোপালনগর পর্যন্ত যায় এই সেতুটি। এমনকি বাজারের পাশাপাশি এখানে হকার্স মার্কেটও রয়েছে। আবার অন্যদিকে শহরের গুরুত্বপূর্ণ ফ্লাইওভারগুলির মধ্যে রয়েছে শিয়ালদার বিদ্যাপতি সেতু, যার নিচে অসংখ্য ব্যবসায়ী অবৈধভাবে দখল করে ব্যবসা চালাচ্ছেন দীর্ঘদিন ধরে। তবে আগামী এক সপ্তাহের মধ্যেই সেই সমস্ত প্রতিষ্ঠান খালি করার নির্দেশ কলকাতা পুরসভার।

Leave a Comment