আক্কেল দাঁতের যন্ত্রণায় ভুগছেন? এই ঘরোয়া টোটকাগুলি ব্যবহার করে পান স্বস্তি

প্রীতি পোদ্দার, কলকাতা: দাঁতের যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা একমাত্র যার হয় সেই বোঝে। বিশেষ করে যখন আক্কেল দাঁত ব্যথা (Wisdom Tooth Pain) শুরু হয়, তখন সকলের খাওয়া ঘুম মাথায় ওঠে। শক্ত কিছু চিবিয়ে খেতে গেলেই কষ্ট হয় মারাত্মক। কারও কারও ক্ষেত্রে আবার দাঁত থেকে যন্ত্রণা মাথা, কান, গলা পর্যন্ত ছড়িয়ে যায়। ঠান্ডা-গরমে মাড়ি ফুলে গিয়েও অনেকের দাঁতের (Tooth) সমস্যা বেড়ে যায়। তাই আমাদের আজকের প্রতিবেদন বেশকিছু টোটকা নিয়ে এসেছে যা সাময়িকভাবে দাঁত ব্যথা কমাতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

হলুদ

দাঁতের ব্যথা কমাতে হলুদের রয়েছে জুড়ি মেলা ভার। হলুদ হল যেকোনো রোগের মহৌষধ, শরীরের কাঁটা ছেড়া কমাতে বা ব্যথা দূর করতে হলে এই উপাদান বেশ কাজে দেয়। দাঁতের ব্যথার ক্ষেত্রে হলুদের গুঁড়ো, সামান্য জল এবং কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে দাঁতে লাগিয়ে দিতে হবে। মিনিটখানেক পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।

নুন গরম জল

মাড়ি ফোলা থেকে শুরু করে হালকা দাঁত ব্যথা, সবকিছুতেই নুন গরম জল দিয়ে গার্গেল করলে ব্যথা অনেকটাই কমে যায়। সে ক্ষেত্রে আক্কেল দাঁত ব্যথার করার ক্ষেত্রেও এই টোটকা বেশ কার্যকরী। এর জন্য ঈষদুষ্ণ জলে নুন মিশিয়ে কুলকুচি করা যেতে পারে। এতে দাঁতের গোড়ায় থাকা ব্যাক্টেরিয়ার কমে। এমনকি আক্কেল দাঁত যেখানে উঠছে, সেই জায়গায় কোনও সংক্রমণ থাকলে, তা কমে যায়। তা ছাড়া এতে মাড়ির ব্যথারও উপশম হয়।

ঠান্ডা গরম সেঁক

আক্কেল দাঁত ব্যথা শুরু করলে মাথার চারিদিক ব্যথা শুরু হয়ে যায় এমনকি গালে ফোলা ভাবও দেখা যায়। কোন খাবার চিবানো তো দূর ঠিক করে কথাও পর্যন্ত বলা যায় না। তাই সেক্ষেত্রে ঠান্ডা গরম সেঁক দেওয়া খুবই কার্যকরী। একটি তোয়ালেতে বরফ নিয়ে ঠান্ডা সেঁক দিলে ব্যথা কমবে। এছাড়াও গরম সেঁক দিলেও রক্ত চলাচল বাড়বে।

আরও পড়ুন: মাছ খেতে গিয়ে গলায় বিঁধেছে কাঁটা? ৫ ঘরোয়া টোটকাতেই পাবেন স্বস্তি

পেয়ারা পাতা

দাঁতে ব্যথা কমানোর কাজে অত্যন্ত কার্যকরী উপাদান হল পেয়ারা পাতার ফোটানো জল। এক্ষেত্রে এক গ্লাস জলে কয়েকটি কচি পেয়ারা পাতা ফেলে তা ফুটিয়ে রেখে দিন। তারপর একটু ঠান্ডা হয়ে এলে ওই জলে করুন কুলকুচি। তাহলেই মুখের ভেতরে থাকা একাধিক ব্যাকটেরিয়া যেমন শেষ হয়ে যায় ঠিক তেমনই ব্যথা-বেদনাও কমে যায়।

Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ কিছু তথ্যের উপর নির্ভরশীল। তাই এই টিপসগুলো ব্যবহার করার আগে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

Leave a Comment