সৌভিক মুখার্জী, কলকাতা: এসআইআর-র নাম করে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। নির্বাচনের ফলাফলে মারাত্মক গাফিলতি। নির্বাচন কমিশনকে দিয়েই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্যান্য অ-বিজেপি শাসিত রাজ্যে অন্যায়ভাবে নির্বাচন করানো হয়েছে। এবার এই সমস্ত অভিযোগ তুলেই সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল দেশের বিরোধী দল ইন্ডিয়া জোট। এমনকি এ নিয়ে প্রধান বিচারপতিকে পাঠানো হয়েছে একটি লম্বা চিঠি।
ভোটের ফলাফল নিয়ে অখুশি ইন্ডিয়া জোট
আজ নির্দলীয় সংসদ কপিল সিব্বল সহ মোট ২৩ দলের নেতারা প্রধান বিচারপতি সূর্যকান্তকে একটি চিঠি লিখেছেন। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, গণতন্ত্র এবং সাংবিধানিক সমস্ত সংস্থার উপর ভরসা হারিয়ে বিরোধী শিবির বিচার ব্যবস্থার দ্বারস্থ হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এসআইআর-র মাধ্যমে বহু বৈধ ভোটার বাদ দেওয়া হয়েছে। রাজনৈতিক ভাবে নির্বাচনের কাজে লাগানো হয়েছে স্বয়ং নির্বাচন কমিশনকে। প্রধান বিচারপতিকে তারা বিষয়টি গুরুত্ব দিয়েই দেখার আবেদন করেছেন। এমনকি চিঠিতে প্রত্যেকটি বিরোধী দলের নেতাদের সই রয়েছে বলে খবর।
তবে এই চিঠি প্রকাশ্যে আসতেই দেশের রাজনীতিতে পড়েছে তুমুল হৈচৈ। রাজনীতিতে টিকে থাকার আশঙ্কার কথায় জানিয়েছেন তারা প্রধান বিচারপতি সূর্যকান্তকে পাঠানো চিঠিতে। এমনকি সরাসরি নির্বাচন কমিশনকেই তারা কাঠগড়ায় তুলেছেন। তাদের সবথেকে বড় অভিযোগ এসআইআর। বিরোধী শিবিরের দাবি, পশ্চিমবঙ্গ সহ যে সমস্ত রাজ্যগুলিতে ইন্ডিয়া জোটের সরকার ছিল, সেখানে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট করানো হয়েছে। এবং এসআইআর-এর নাম করে লক্ষ্য লক্ষ্য যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে।
আরও পড়ুন: ৬০টি প্রোপার্টির দলিল! পুষ্পা ও তাঁর স্ত্রীর বিপুল সম্পত্তির উৎসের খোঁজে তল্লাশি সিটের
এর সরাসরি প্রভাব পড়েছে ভোটের ফলাফলে। বিরোধীদেরকে হারাতে নির্বাচন কমিশনকে নিজের হাতে নিয়ে এসেছে বিজেপি, এমনটাই দাবি ইন্ডিয়া জোটের। এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়ে তারা অনুরোধ করেন। তবে ভোটের ফলাফলকে জনগণের প্রকৃত রায় বলে এক জায়গায়ও উল্লেখ করা হয় না। এখন দেখার, বিরোধী শিবিরের এই চিঠি পাওয়ার পর প্রধান বিচারপতি সূর্যকান্ত ঠিক কী পদক্ষেপ নেন, এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় কিনা সেদিকেও নজর থাকবে সকলের।