বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখতে এবার বড় পদক্ষেপ নিল WhatsApp (Whatsapp Username Feature)। মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মে এবার থেকে আর আলাদা করে মোবাইল নম্বরের প্রয়োজন পড়বে না। এর পরিবর্তে শুধুমাত্র ইউজারনেম ব্যবহার করেই একে অপরের সাথে কথা বলা অর্থাৎ যোগাযোগ রাখতে পারবেন ব্যবহারকারীরা। সেই মর্মেই নতুন ফিচার আনছে মার্ক জাকারবার্গের সংস্থা। আসলে, ব্যবহারকারীদের ব্যক্তিগত মোবাইল নম্বরের গোপনীয়তা বজায় রাখতেই এমন পদক্ষেপ মেটার।
ফোন নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে WhatsApp!
এখনও পর্যন্ত WhatsApp পরিষেবা পুরোপুরি মোবাইল নম্বর ভিত্তিক। অর্থাৎ এতদিন পর্যন্ত মোবাইল নম্বর ব্যবহার করেই একে অপরের সাথে কথা বলতেন ব্যবহারকারীরা। রাখতে পারতেন যোগাযোগ। তবে এবার থেকে আর WhatsApp এ বাধ্যতামূলক থাকছে না মোবাইল নম্বর শেয়ারিং। অর্থাৎ নিজের মোবাইল নম্বর কাউকে না দেখিয়েও তাঁর সাথে চ্যাট করতে পারবেন আপনি। সেজন্যই এবার নতুন ফিচার আনতে চলেছে মেটার মালিকানাধীন এই সংস্থাটি।
কোন কোন ক্ষেত্রে আর ফোন নম্বরের প্রয়োজন পড়বে না?
প্রথমত বলে রাখি, এই মুহূর্তে গোটা বিশ্বে WhatsApp ব্যবহারকারী রয়েছেন অন্তত 300 কোটি। এবার তাঁরা প্রত্যেকেই মোবাইল নম্বর ব্যবহার করে চ্যাট করার বাধ্যবাধকতা থেকে রেহাই পাবেন। মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম জানিয়েছে, নতুন ইউজারনেম ফিচার চালু হয়ে গেলে একজন ব্যবহারকারীকে তাঁর ইউজারনেম ব্যবহার করেই গ্রুপে অ্যাড করা যাবে। এছাড়াও কোনও ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মেসেজ করতে হলে গোপন থাকবে আপনার নম্বর। যদিও এসব ক্ষেত্রে নিজে থেকে মোবাইল নম্বর শেয়ার করার অপশনও রয়েছে।
কীভাবে কাজ করবে এই নতুন ফিচার?
WhatsApp এ নতুন আপডেট চলে এলে প্রত্যেক ব্যবহারকারীকে নতুন ফিচারটি বেছে নিতে হবে। নতুন ইউজারনেম বেছে নেওয়ার পর সেটা ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করতে পারবেন ব্যবহারকারীরা। এই ইউজারনেম 3 থেকে 35 অক্ষর পর্যন্ত হবে। প্রথমবার যোগাযোগ করার ক্ষেত্রে অপর প্রান্তের ব্যক্তিকে সঠিক ইউজারনেম জানতে হবে। ব্যবহারকারী প্রয়োজন মনে করলে নিজের মতো করে প্রথমবার একটি ইউজার কী সেট করে নিতে পারেন। যোগাযোগ করার ক্ষেত্রে অপর ব্যক্তি সেই কী ব্যবহার করে যোগাযোগ করতে পারবেন।
এখন প্রশ্ন কীভাবে ইউজারনেম সেট করবেন?
গোটা পদ্ধতিটি খুব সহজ। প্রথম WhatsApp থেকে সেটিংস অপশনে যান। সেখান থেকে অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করুন। তৃতীয় ধাপে ইউজারনেম অপশন বেছে নিয়ে নিজের মতো করে একটি ইউজারনেম বসিয়ে দিন অথবা সাজেস্টেড ইউজারনেমও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনার স্মার্টফোনে WhatsApp এর আপডেটেড ভার্সন ডাউনলোড করা থাকতে হবে। বলে রাখা প্রয়োজন, চলতি সপ্তাহ থেকে নিজেদের ইউজারনেম রিজার্ভ করা গেলেও এই নতুন ফিচার চলতি বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে চালু হবে। পরে এই ফিচার অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে বলেই খবর।