বাংলাদেশিদের জন্য ফের চালু ভারতীয় পর্যটন ভিসা, স্বস্তিতে শিলিগুড়ির ব্যবসায়ীরা

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে কাটল অচলাবস্থা, ভারতে বাংলাদেশের নাগরিকদের (Bangladeshi Tourists) জন্য ফের পর্যটন ভিসা (Tourist Visa) চালু হওয়ায় ব্যবসায় আশার আলো দেখছেন শিলিগুড়ির (Siliguri) ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসাকেন্দ্রে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল বাংলাদেশে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। তারপরেই ২৮ জুন থেকে এই পরিষেবা শুরু হওয়ায় খুব খুশি সকলে।

ফের পর্যটন ভিসা চালু বাংলাদেশের নাগরিকদের

প্রায় দু’বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে গত ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ফের পর্যটন ভিসা চালু করল কেন্দ্রীয় সরকার। আর সেই ঘোষণার পরেই স্বস্তির হাওয়া বইল বাংলার পর্যটন শিল্পক্ষেত্রে। আসলে ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের পর্যটন ভিসা দেওয়া বন্ধ রেখেছিল ভারত। তবে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে চিকিৎসা ভিসা এবং বাণিজ্য ভিসা দেওয়া হচ্ছিল৷ কিন্তু বন্ধ ছিল পর্যটন ভিসা। আর তাতেই সরাসরি প্রভাব পড়েছিল পর্যটন ব্যবস্থায়। বহু হোটেল, গেস্ট হাউস, রেস্তোরাঁ, মানি এক্সচেঞ্জ, ট্রাভেল এজেন্সি অনেকটাই ক্ষতির মুখে পড়েছিল। কিন্তু এবার ফের পর্যটন ভিসা চালু হওয়ায় খুশিতে ডগমগ শিলিগুড়ির ব্যবসায়ীরা।

খুশিতে আত্মহারা শিলিগুড়ি ব্যবসায়ীরা

শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা আশা রাখছেন, ভিসা চালু হয়ে যাওয়ার ফলে হোটেলে পর্যটকদের ভিড় যেমন বাড়বে, ঠিক তেমনই সমগ্র অঞ্চলে ব্যবসায়িক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। এর আগে প্রতি বছর প্রায় ২-৩ লক্ষ বাংলাদেশি পর্যটকরা চ্যাংরাবান্ধা স্থলবন্দর ও ফুলবাড়ি আইসিপি দিয়ে দেশে ঢুকত ফলে সেখানকার হোটেল, পরিবহন ব্যবস্থা বেশ উন্নত হচ্ছিল। কিন্তু ভিসা বন্ধ থাকায় এই স্থলবন্দরগুলো বন্ধ হয়ে গিয়েছিল। তবে এবার পুনরায় সেগুলি চালু হলে শিলিগুড়ি, দার্জিলিং ও ডুয়ার্স অঞ্চল যেমন উপকৃত হবে ঠিক তেমনই আবার ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে ‘অভিষেকই মাস্টারমাইন্ড’! সব জানতেন মমতা? বিস্ফোরক তাপস মণ্ডল

বাংলাদেশি পর্যটকদের ভিসা পুনরায় চালু হওয়ায় কলকাতার নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ী মহলেও দেখা গিয়েছে খুশির আমেজ৷ মার্কো স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড-সহ গোটা এলাকা দীর্ঘদিন ধরেই বাংলাদেশি পর্যটক এবং সেখান থেকে চিকিৎসার জন্য আসা লোকজনদের উপর নির্ভরশীল ছিল। কিন্ত ভিসা বন্ধ থাকায় এতদিন প্রায় ৬০ শতাংশ ব্যবসা কমে গিয়েছিল ৷ অনেকেই লোকসানের চাপে দোকান বন্ধ করতে বাধ্য হয়েছিল। অবশেষে পর্যটন ভিসা চালু হওয়ায় নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে সকলে।

Leave a Comment