অনন্যা সরকার, কলকাতা: ভারত সরকার দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্যে বা ভর্তুকির সাথে চাল, গম, ডাল, চিনির মতো প্রয়োজনীয় খাদ্য সামগ্রী গণবন্টন ব্যবস্থার মাধ্যমে সরবরাহ করে থাকে। প্রত্যেক রেশন কার্ডধারী (Ration Card) এই সুবিধা পান। তবে রেশন কার্ড এখন আর শুধু খাদ্য সামগ্রী পাওয়ার নথি নয়, বরং বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে এর অনেক গুরুত্ব দিন দিন বাড়ছে। রেশন কার্ডে কোনও ভুল থাকলে বা দরকারি আপডেট করা না থাকলে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিতও হয়ে যেতে পারেন, তাই কয়েকটি বিষয় এখনই যাচাই করে নিন।
১. নাম ঠিক আছে কিনা দেখে নিন
রেশন কার্ডে পরিবারের প্রতিটি সদস্যের নাম সঠিক রয়েছে কিনা, তা আগেই দেখে রাখুন। যদি নতুন সদস্য যুক্ত হন বা কারুর মৃত্যু হয়, সেক্ষেত্রে সেই তথ্য দ্রুত আপডেট করে নিতে হবে, যাতে পরবর্তীতে সরকারি সুবিধা পেতে কোনো অসুবিধা না হয়।
২. আধার লিঙ্ক করা আছে তো ?
বর্তমানে অনেক জায়গায় রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক হয়ে গেছে। তাই এখনো পর্যন্ত আধার সংযুক্ত করা না থাকলে, এখনই তা সেরে ফেলুন। এতে পরিচিতি যাচাই করা এবং বিভিন্ন সরকারি পরিষেবা পেতে সুবিধা হয়।
আরও পড়ুন: যৌথ পরিবারে বাদ পড়ছে যোগ্য উপভোক্তারা, বাতিলের দাবি তুলে চিঠি রেশন ডিলারদের
৩. অনলাইনে যাচাই করে নিন
রেশনের জন্য নির্ধারিত সরকারি পোর্টালে নাম, রেশন কার্ডের ধরন, ঠিকানা, বয়স সহ অন্যান্য তথ্যগুলি সঠিক রয়েছে কিনা মিলিয়ে দেখে নিন। ভুল দেখতে পেলে সঙ্গে সঙ্গে সেটি সংশোধনের জন্য আবেদন করুন।
৪. মোবাইল নম্বর আপডেট রাখুন
রেশন কার্ডের সাথে দেওয়া মোবাইল নম্বরটি চালু করে রাখা দরকার, কেননা এতেই রেশন সংক্রান্ত বিভিন্ন আপডেট, ওটিপি, গুরুত্বপূর্ণ নির্দেশিকা আসবে। তাই যদি নম্বরটি চালু না থাকে তাহলে সমস্যা হতে পারে। চাইলে পুরনো নম্বর বদলে নতুন নম্বরও আপডেট করা যায়।
৫. রেশন তোলার হিসেব রাখুন
অনেক সময় সরকারের তরফে যতটা রেশন বরাদ্দ করা হয়, তার পুরোটা মেলে না। তাই প্রতি মাসে অনলাইনে এবং রেশনের দোকানে গিয়ে কতটা রেশন বরাদ্দ রয়েছে এবং কতটা তোলা হলো তার হিসেব মিলিয়ে নেওয়া ভালো।
আরও পড়ুন: ৩০ বছর পর অবশেষে বাড়ি ফিরছে এভারেস্ট জয়ী ভারতীয় জওয়ানের নশ্বর দেহ
৬. ভুল সংশোধন করে নিন
রেশন কার্ডের যেকোনো ধরনের ভুল পরবর্তীতে সরকারি পরিষেবা পেতে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই দ্রুত সেগুলি সংশোধন করে নেওয়া উচিত। আর প্রয়োজনীয় নথি জমা দিয়ে, সে কাজ সহজেই করা যায়। বছরের অন্তত একবার করে রেশন কার্ডের তথ্য যাচাই করে নেওয়া ভালো।
৭. প্রতারকের থেকে সাবধান
রেশন কার্ডের তথ্য যাচাই করার নাম করে অনেক প্রতারক ফোন ও ভুয়ো মেসেজ পাঠায়। তাই কোনো ধরনের অচেনা লিংকে ক্লিক করবেন না ও ভুয়ো কলের উত্তর দেবেন না। শুধু সরকারি ওয়েবসাইট এবং নির্দিষ্ট সরকারি দফতরের মাধ্যমেই কাজ করা উচিত।