অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে পালাবদলের পর নবগঠিত বিজেপি সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) অবদানকে আনুষ্ঠানিকভাবে স্মরণ ও প্রচার করার জন্য উদ্যোগী হয়েছে। আগেই ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি (Public holiday) ঘোষণা করা হয়েছিল। এছাড়াও, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনের নির্দেশও দেওয়া হয়। তবে এখন একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে সরকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনটি পালন করার নির্দেশ দিয়েছে।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উদযাপন করার নির্দেশ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে
বিকাশ ভবনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ জুলাই প্রতিটি সরকারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস উদযাপন করতে হবে। পড়ুয়া শিক্ষক ও শিক্ষা কর্মীদের অনুষ্ঠানের আয়োজন করতে হবে। ই-মেইল করে ওইদিনই শিক্ষা দপ্তরকে অনুষ্ঠান উদযাপনের ছবি ও ভিডিও পাঠাতে হবে।
ইতিমধ্যেই, গত ২৩ জুন শ্যামাপ্রসাদের মৃত্যুদিন থেকে জন্মদিন ৬ই জুলাই পর্যন্ত ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালন করা হচ্ছে বিশ্ববিদ্যালয় ও কলেজের পাশাপাশি স্কুলগুলিতেও। তবে আগামী ৬ই জুলাই সরকারি ছুটি ঘোষণার পর অনুষ্ঠান উদযাপনের নির্দেশিকা আশায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে। ছুটির নির্দেশিকা আসার পর, এখন বলা হচ্ছে অনুষ্ঠান উদযাপন করতে। দুটি একসঙ্গে কীভাবে সম্ভব – তা নিয়ে প্রশ্ন তুলেছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল। তিনি জানান ধন্দ কাটাতে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি আশা করছেন, এই বিভ্রান্তি কাটাতে দপ্তর সূত্রে আরও একটি বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করা হবে।
আরও পড়ুনঃ শিয়ালদা ডিভিশনে কমছে লোকাল ট্রেন, বড় সিদ্ধান্ত পূর্ব রেলের
পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নিয়ে বরাবরই সোচ্চার হতে দেখা গেছে বিজেপিকে। বিরোধী দলগুলি এতদিন তার অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করে তারা। তাই গত মে মাসে পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর থেকেই ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা সর্ম্পকে নতুন প্রজন্মকে জানাতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গ দিবস ও শ্যামাপ্রসাদের জন্মদিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে।