অনন্যা সরকার, নয়াদিল্লি: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার যন্তর মন্তরে বিক্ষোভ (Delhi Protest) চলাকালীন আবারও এক মহিলাকে দেখা গেল একটি পুলিশের বাস থামানোর চেষ্টা করতে, যার মধ্যে ছিলেন আটক বিক্ষোভকারীরা। এই ঘটনার সাথে মুম্বাইয়ের রিয়া আহিরের (Rhiya Ahir) ভাইরাল হওয়া বিক্ষোভের ভিডিওর তুলনা টেনে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নেট নাগরিকরা। কী ঘটেছে, আসুন জেনে নেওয়া যাক।
দিল্লিতে মুম্বাইয়ের ঘটনার পুনরাবৃত্তি
দিল্লির যন্তর মন্তরের একটি বিক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, রাস্তার মাঝখানে মহিলাটি পুলিশের বাসের বনেটের ওপর হাত দিয়ে পথ আটকে দাঁড়িয়ে আছেন। ওই ভিডিও অনুযায়ী, বিক্ষোভকারীদের নিয়ে যাওয়ার সময় তিনি হস্তক্ষেপ করার চেষ্টা করেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এ বেনিয়মের অভিযোগ ওঠার পর, এর প্রতিবাদে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে ২ অক্টোবর আন্দোলনকারীরা যন্তর মন্তরে জড়ো হন। সেখানেই ঘটে ঘটনাটি। এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এই বিক্ষোভের ঘোষণা করা হয়। দিল্লি পুলিশ এর আগে জানিয়েছিল যে, প্রস্তাবিত সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়নি এবং যন্তর মন্তর এলাকা ঘিরে ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: বিরল রোগে আক্রান্ত ২২ মাসের শিশু, ৯ কোটির চিকিৎসা খরচ বহনের আশ্বাস অনন্ত আম্বানির
এই দৃশ্যটি গত জুলাই মাসে মুম্বাইয়ের একটি অনুরূপ দৃশ্যের কথা মনে করিয়ে দেয়, যেখানে মডেল রিয়া আহিরকে শিবাজি পার্কের এক বিক্ষোভে আটক ছাত্র বিক্ষোভকারীদের বহনকারী মুম্বাই পুলিশের একটি ভ্যানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। এই ভিডিওটি খুবই ভাইরাল হয়, রাতারাতি সারা দেশের মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি। পরে রিয়া আহির তার বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহারের এবং সোশ্যাল মিডিয়ায় তাকে হুমকি দেওয়া অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ২২ জুলাইয়ের বিক্ষোভের সময় তিনি পুলিশের ভ্যানের সামনে এসে দাঁড়িয়েছিলেন এবং আটক ছাত্রদের মুক্তির দাবিতে সেখান থেকে সরতে অস্বীকার করেন।
আরও পড়ুন: ‘তিনবারে ৫০ হাজার টাকা’, যুবশক্তি সহ আরও এক প্রকল্প নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর
শুক্রবার দিল্লির ভিডিওতে দেখা মহিলাটির পরিচয় এবং পুলিশের গাড়িটি থামানোর চেষ্টার কারণ এখনো স্পষ্ট নয়। তবে, ওই মহিলার সঙ্গে রিয়া আহিরের কোনো নিশ্চিত সংযোগ খুঁজে পাওয়া যায়নি, দুটি বিক্ষোভের দৃশ্যের সাদৃশ্য থেকেই এই তুলনাটি করা হচ্ছে। তবে একইরকম ভঙ্গিমায় প্রতিবাদ করা নিয়ে অনেকেই ঐ মহিলার দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। তাঁদের মতে, রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার জন্যই তিনি রিয়ার নকল করেছেন। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়ার কয়েকদিন পরই দিল্লিতে সিজেপি (CJP)-র এই প্রতিবাদ অনুষ্ঠিত হল। মুম্বাইতেও শুক্রবার শিবাজি পার্কে সিজেপি কর্মী ও নাগরিক সমাজ সংগঠনগুলি একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে, যেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।